দীর্ঘ তিন মাস পর ভারতীয় টেস্ট দলে ফিরেছেন উইকেটকিপার-ব্যাটার রিশভ পান্ত। ইংল্যান্ড সফরের ম্যানচেস্টার টেস্টে পায়ের পাতায় চোট পেয়ে তিনি মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি ভারত-এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা 'এ' দলের বিপক্ষে ৯০ রানের দারুণ এক ইনিংস খেলে নিজের ছন্দ ফিরে পান পান্ত। শুধু জাতীয় দলে জায়গায়ই পাননি, তাঁকে সহ-অধিনায়কের দায়িত্বও দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
আগামী ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এই ম্যাচের জন্যই দল ঘোষণা করেছে বিসিসিআই।
দলে সবচেয়ে বড় চমক হলো তারকা পেসার মোহাম্মদ শামির অনুপস্থিতি। ফিটনেস নিয়ে সন্দেহ থাকলেও শামি রঞ্জি ট্রফিতে দারুণ ফর্মে ছিলেন এবং প্রথম দুই ম্যাচে ১৫ উইকেট শিকার করেছিলেন। আশা করা হচ্ছিল তাঁকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে দেখা যাবে, কিন্তু নির্বাচকরা এবার তাঁকে দলে রাখেননি।
শুভমান গিল (অধিনায়ক), রিশভ পান্ত (সহ–অধিনায়ক ও উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, কে.এল. রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাড়িক্কল, ধ্রুব জুড়েল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরাহ, অক্ষর পাটেল, নীতীশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও আকাশ দীপ।