বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হতাশাজনকভাবে হেরেছে আয়ারল্যান্ড। তবে লাল বলের সেই ব্যর্থতাকে পেছনে ফেলে এবার নতুন উদ্যমে টি-টোয়েন্টি সিরিজে নামছে দুই দল। তিন ম্যাচের এই সিরিজ শুরুর আগে শক্ত প্রতিদ্বন্দ্বিতার বার্তা দিয়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার।
আসন্ন লড়াইয়ের প্রথম টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্যাম্ফার বলেন, ব্যাটিং ইউনিট হিসেবে আমরা প্রভাব বিস্তার করতে চাই এবং খুব ইতিবাচক ও আক্রমণাত্মক হতে চাই। বোলারদের ওপর চাপ সৃষ্টি করাটা নিশ্চিত করতে চাই। আর বোলিং ইউনিট হিসেবে আমরা ৩০ উইকেট নিতে চাই এই সিরিজে। আমরা বাংলাদেশকে আটকে রাখতে চাই আশা করি বিশ্বকাপের জন্য আমরা এখান থেকে ভালো কিছু কম্বিনেশন বা পরিকল্পনা নিয়ে যেতে পারব।
অধিনায়ক লিটন দাসকে দ্রুত আউট করলেই বাংলাদেশকে চাপে ফেলা যাবে বলে মনে করেন আরেক আইরিশ তারকা হ্যারি টেক্টর, আমার মনে হয় লিটন একজন চমৎকার খেলোয়াড়। যেকোনো ফরম্যাটে সে খুব প্রতিভাবান এবং খেলাটা আপনার হাত থেকে ছিনিয়ে নিতে পারে। তাই কাউকে আলাদা করতে হলে আমি বলব, তাকেই আমরা তিন ম্যাচে দ্রুত আউট করতে চাইব।
স্বাগতিক পেসার মুস্তাফিজুর রহমানের প্রশংসায় প্রশস্তি ঝরালেন টেক্টর। তিনি বলেন, “মুস্তাফিজ একজন দারুণ টি-টোয়েন্টি বোলার। দীর্ঘদিন ধরেই সে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে।”
তবে প্রতিপক্ষ বোলারদের নিয়ে খুব বেশি ভাবছেন না টেক্টর। তাঁর মতে, “আমরা আগেও তাদের অনেক বোলারের বিপক্ষে খেলেছি। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে মুখোমুখি হওয়ার কারণে একে অপরের শক্তি–দুর্বলতা বেশ ভালোভাবেই জানা। তাই আসল বিষয় হলো—ম্যাচের দিন নিজের সেরাটা দিতে পারা এবং তাদের মোকাবিলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা।