| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

এক নাটকীয় অভিযানে মাদুরোকে আটক করে চোখ বেঁধে নিয়ে যায় মার্কিন ডেল্টা বাহিনী

এক নাটকীয় সামরিক অভিযানে স্বস্ত্রীক মাদুরোকে আটক করে মার্কিন ডেল্টা বাহিনী আমেরিকায় নিয়ে গেছে। আজ শনিবার (৩ জানুয়ারী) সকালে অতর্কিত অভিযানে তাদেরকে আটক করে ট্রাম্প বাহিনী। এ বিষয়ে ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন জাহাজে করে নিউইয়র্কে নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় আজ শনিবার সকালে ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

  • প্রকাশের সময় : 04-01-2026 | 04:11 AM
এক নাটকীয় অভিযানে মাদুরোকে আটক করে  চোখ বেঁধে নিয়ে যায় মার্কিন ডেল্টা বাহিনী
ad728

আন্তর্জাতিক ডেক্স: এক নাটকীয় সামরিক অভিযানে স্বস্ত্রীক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করে মার্কিন ডেল্টা বাহিনী আমেরিকায় নিয়ে গেছে। আজ শনিবার (৩ জানুয়ারী) সকালে অতর্কিত অভিযানে তাদেরকে আটক করে ট্রাম্প বাহিনী। 
এ বিষয়ে  ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মার্কিন জাহাজে করে নিউইয়র্কে নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় আজ শনিবার সকালে ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

ট্রাম্প বলেন, হেলিকপ্টারে করে তাদের জাহাজে নিয়ে যাওয়া হয়েছে। সুন্দর একটি ফ্লাইটে গেছেন—আমি নিশ্চিত তাঁরা এটি উপভোগ করেছেন। তবে তাঁরা অনেক মানুষ হত্যা করেছেন, এটা মনে রাখতে হবে।

মাদুরোকে কী বিকল্প দেওয়া হয়েছিল সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, ‘মূলত আমি বলেছিলাম, আপনাকে হার মানতে হবে। আত্মসমর্পণ করতে হবে।’
এক সপ্তাহ আগে মাদুরোর সঙ্গে কথা বলেছেন জানিয়ে ট্রাম্প বলেন, ‘এটি (মাদুরোর সঙ্গে কথা বলা) একটি খুব গুরুত্বপূর্ণ সংকেত ছিল। ...আমি নিজেই তাঁর সঙ্গে কথা বলেছি, আমি বলেছিলাম, হার মানতে হবে। আত্মসমর্পণ করতে হবে।’
নিকোলা মাদুরো এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল।

এরপর নিকোলা মাদুরোর স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে নানা আলোচনা চলছিল। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল মন্তব্য করলেন, নিকোলা মাদুরোই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।

সিএনএনের খবরে বলা হয়, রাষ্ট্রীয় টেলিভিশনে পররাষ্ট্রমন্ত্রী গিল বলেন, সংবিধানে সুস্পষ্ট বলা আছে, নির্বাচিত প্রেসিডেন্ট, সংবিধানমতে প্রেসিডেন্ট হলেন নিকোলা মাদুরো। যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার মাটিতে মাদুরোর উপস্থিতি নিশ্চিত করতে হবে, কারণ এটি (প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া) আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

ভেনেজুয়েলার পরিস্থিতি ‘দ্রুত স্পষ্ট’ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তাঁর স্ত্রীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে—প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণার পর রাশিয়া ওই আহ্বান জানাল।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসী অভিযানের সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তাঁর স্ত্রীকে সে দেশ থেকে নিয়ে যাওয়া হয়েছে—এটি অত্যন্ত উদ্বেগের। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা এই পরিস্থিতি দ্রুত স্পষ্ট করার আহ্বান জানাই।’

রাশিয়া জানিয়েছে, এই ধরনের পদক্ষেপ সত্য হলে, তা একটি স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের অগ্রহণযোগ্য লঙ্ঘন। আন্তর্জাতিক আইনের মূল নীতিকে সম্মান জানানো উচিত।

খবরে প্রকাশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েক দিন আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটক করার অনুমোদন দিয়েছিলেন। সেনাবাহিনীর ডেল্টা ফোর্স এই অভিযান চালাবে—সেই অনুমোদনও দিয়েছিলেন ট্রাম্প। এই বিষয়ে ওয়াকিবহাল একজন ব্যক্তি মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ কথা জানিয়েছেন।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) প্রেসিডেন্ট মাদুরোর অবস্থান ট্র্যাক করছিল। প্রেসিডেন্ট ট্রাম্প কয়েক মাস আগে ভেনেজুয়েলায় গোপন কার্যক্রম পরিচালনা করার অনুমতি দিয়েছিলেন সিআইএকে। যুক্তরাষ্ট্রে হওয়া মামলার বিচার করার জন্য মাদুরোকে গ্রেপ্তার করা হয়েছে বলে উল্লেখ করেন ওয়াকিবহাল ওই ব্যক্তি। তবে মাদুরো এখন ঠিক কোথায় আছেন, স্থানীয় সময় শনিবার সকাল পর্যন্ত তা স্পষ্ট ছিল না।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানে যুক্তরাজ্য জড়িত নয়। তবে এই হামলার বিষয়ে মন্তব্য করার আগে তিনি এ বিষয়ে আরও তথ্য জানতে চান।

বিবিসির খবরে বলা হয়, স্টারমার বলেন, যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়ােলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো আটক হওয়ার বিষয়ে তিনি এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেননি।

যুক্তরাজ্যের সম্প্রচারমাধ্যমগুলোর জন্য রেকর্ড করা বক্তব্যে স্টারসার বলেন, বিষয়টি (হামলা পরিস্থিতি) খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে, তাই সব তথ্য নিশ্চিত হওয়ার পর তিনি এ বিষয়ে মন্তব্য করবেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি এটুকু বলতে পারি যে, এই অভিযানে যুক্তরাজ্য কোনোভাবেই সম্পৃক্ত ছিল না।

ভেনেজুয়েলায় আজ শনিবার ভোরে ‘বড় পরিসরে’ হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির খবরে বলা হয়, মাদুরোকে কীভাবে ধরা হয়েছে বা তাঁকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর আগে যুক্তরাষ্ট্র মাদুরোকে গ্রেপ্তার করার বিষয়ে তথ্য দেওয়ার জন্য ৫ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল।

আজ ভোরে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার পর রাজধানী কারাকাসের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিকট বিস্ফোরণের পর ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। স্থাপনা দুটির একটি হলো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কারলোটা সামরিক বিমানঘাঁটি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় স্থল অভিযানের ব্যাপারে বারবার হুমকি দিয়ে আসছিলেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, মার্কো রুবিওর সঙ্গে ফোনে আলাপের বরাত দিয়ে আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাইক লি লেখেন, ‘তিনি আশা করছেন, মাদুরো যেহেতু এখন যুক্তরাষ্ট্রের হেফাজতে, তাই ভেনেজুয়েলায় আর কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হবে না।’

ভেনেজুয়েলার সরকারের নেতৃত্বের ওপর আস্থা রাখার আহ্বান মাদুরোর সহযোগীর
ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো (নিকোলা মাদুরোর অন্যতম প্রধান সহযোগী ও প্রভাবশালী নেতা) টেলিভিশনে দেওয়া এক ভাষণে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশটির সরকারের নেতৃত্বের ওপর আস্থা রাখতে বলেছেন।
​তিনি বলেছেন, ‘কেউ হতাশ হবেন না। কোনোভাবেই যেন আক্রমণকারী শত্রুদের কাজ সহজ হয়ে না যায়।’
​কাবেয়ো বলেন, বেসামরিক ভবনে বোমা হামলা চালানো হয়েছে। তবে এই দাবির সপক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে ২০২০ সালে যুক্তরাষ্ট্রে দুর্নীতি, মাদক পাচারসহ বিভিন্ন অভিযোগে মামলা করা হয়।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, এসব মামলার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ঘোষণা দিয়েছিল—মাদুরোকে গ্রেপ্তার বা দোষী সাব্যস্ত করতে সহায়ক তথ্য দিলে ৫ কোটি ডলার পুরস্কার দেওয়া হবে।

মাদুরোকে আটক করার ঘোষণা দিতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করেই ভেনেজুয়েলায় অভিযান চালানো হয়েছে। মামলার অভিযোগপত্র যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতে দাখিল করা হয়েছিল।

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে,শনিবার সকালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন চালিয়েছে। এটা উদ্বেগজনক এবং নিন্দনীয়।

বিবৃতিতে বলা হয়, এই হামলাকে ন্যায্যতা দিতে যে অজুহাত দেখানো হয়েছে, তা গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা ভেনেজুয়েলার জনগণের সঙ্গে আমাদের সংহতি পুনর্ব্যক্ত করছি।’ ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় কোনো রুশ নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ভেনেজুয়েলা দক্ষিণ আমেরিকায় রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে পরিচিতি। তবে এখনো কারাকাসকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়নি ক্রেমলিন।

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির নেতা সিনেটর দাবি করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে মার্কিন বাহিনী গ্রেপ্তার করেছে। বিচারের জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে। ওই সিনেটর জানান, তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলে এই তথ্য জেনেছেন।

ইউটাহ অঙ্গরাজ্যের সিনেটর মাইক লি আজ শনিবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জানান, ‘তিনি (মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও) আমাকে জানিয়েছেন, মার্কিন বাহিনী নিকোলা মাদুরোকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্রে ফৌজদারি অপরাধের মামলায় তাঁর বিচার করা হবে। আজ ভোরে আমরা যে সামরিক অভিযান দেখেছি, তা মূলত এই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে চালানো হয়েছিল।’
 সিনেটর লি এই হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তিনি জানতে চেয়েছিলেন, যুদ্ধ ঘোষণা বা সামরিক শক্তি ব্যবহারের আগাম অনুমতি ছাড়াই এই হামলা চালানোর কোনো সাংবিধানিক যুক্তি আছে কি না।

ভেনেজুয়েলার কর্মকর্তাদের বিবৃতির বরাত দিয়ে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলার কতজন নাগরিক নিহত ও আহত হয়েছেন, তা এখনো নির্দিষ্ট করে জানা যায়নি। বিষয়টি যাচাই–বাছাই করা হচ্ছে।


মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে নিকোলা মাদুরোর বেঁচে থাকার প্রমাণ চেয়েছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, একটি টেলিভিশন চ্যানেলে কথা বলার সময় রদ্রিগেজ বলেন, নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীর বর্তমান অবস্থান অজানা। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তাঁদের বেঁচে থাকার প্রমাণ চেয়েছেন।

ঐক্যবদ্ধভাবে এই হামলা প্রতিরোধ করার ঘোষণা ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর
ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ বলেছেন, কোনোভাবেই তিনি দেশে বিদেশি সেনা সহ্য করবেন না, ঐক্যবদ্ধভাবে এই হামলা প্রতিরোধ করবেন।

পাদ্রিনো লোপেজ বলেন, আজ শনিবারের মার্কিন হামলায় ভেনেজুয়েলার বিভিন্ন জনবসতিপূর্ণ এলাকা আক্রান্ত হয়েছে। মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র এবং রকেট ছোড়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, হামলায় কতজন নিহত বা আহত হয়েছেন, সরকার সে তথ্য সংগ্রহ করছে। পাদ্রিনো লোপেজ নিশ্চিত করেছেন, রাজধানী কারাকাসের প্রধান সামরিক ঘাঁটি ‘ফোর্ট তিউনা’–তে হামলা করা হয়েছে। লোপেজ এই হামলাকে দেশের ইতিহাসে সবচেয়ে বড় ‘অপমানজনক ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের দাবি যদি সত্য হয়, তবে ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী ক্ষমতা নিকোলা মাদুরোর সরকারের ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের হাতে যাওয়ার কথা। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ এক অনিশ্চিত ও অজানা পথে মোড় নিয়েছে এবং শেষ পর্যন্ত কার হাতে ক্ষমতা যাবে তা এখনো স্পষ্ট নয়।

যুক্তরাষ্ট্র মাদুরোকে বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়নি, অন্যদিকে ভেনেজুয়েলার বিরোধী দলগুলোর দাবি—দেশটির প্রকৃত ও বৈধ প্রেসিডেন্ট হলেন বর্তমানে নির্বাসিত রাজনীতিক এডমুন্ডো গঞ্জালেস।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টাইমসকে দেওয়া এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, দক্ষ ও দুর্দান্ত সব মানুষ এই অসাধারণ পরিকল্পনায় যুক্ত ছিলেন। তিনি আরও বলেন, আসলে এটি ছিল একটি চমৎকার অভিযান।

তবে এই অভিযানের জন্য মার্কিন কংগ্রেসের কোনো অনুমতি নেওয়া হয়েছিল কি না কিংবা ভেনেজুয়েলার পরবর্তী রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে— সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।

ডেল্টা ফোর্স হলো যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর শীর্ষ সন্ত্রাসবিরোধী বিশেষ ইউনিট।

প্রেসিডেন্ট মাদুরোকে যুক্তরাষ্ট্রের তুলে নিয়ে যাওয়ার বিষয়টি ভেনেজুয়েলা সরকার তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। আজ শনিবার ভোরে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার পর রাজধানী কারাকাসের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিকট বিস্ফোরণের পর ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। স্থাপনা দুটির একটি হলো শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কারলোটা সামরিক বিমানঘাঁটি।

অন্য সামরিক ঘাঁটি হলো ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটি। এটিতেই প্রেসিডেন্ট নিকোলা মাদুরো দীর্ঘদিন ধরে থাকেন বলে মনে করা হচ্ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় স্থল অভিযানের ব্যাপারে বারবার হুমকি দিয়ে আসছিলেন।