রাশিয়ার অন্যতম বৃহৎ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান উরাচেম গ্রুপ বাংলাদেশের জন্য প্রতিশ্রুত ৩০ হাজার মেট্রিক টন পটাশ সার সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করছে। বন্ধুত্ব ও গভীর আন্তরিকতার নিদর্শন হিসেবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউ এফ পি) আওতায় এই সার দেশে আসছে। গত ৬ নভেম্বর কোম্পানিটির ওয়েবসাইটে এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এই সার দেশের কৃষকদের উৎপাদনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
রাশিয়া ও বাংলাদেশের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ককে আরও জোরদার করতে রাশিয়ার উরাচেম গ্রুপ বাংলাদেশকে বিনামূল্যে এই বিপুল পরিমাণ সার দিচ্ছে। বাংলাদেশ এগ্রিকালচারাল ডেফেলপমেন্ট করপোরেশনের (বিএডিসি) মহাব্যবস্থাপক (ক্রয়) আহমেদ হাসান আল মাহমুদ সার আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি শিগগিরই মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এর আগে গত বছরের ২০ নভেম্বর উরাচেম গ্রুপের প্রধান নির্বাহী দিমিত্রি কনিয়েভ বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়কে এই সার দেওয়ার আগ্রহ জানিয়ে চিঠি দিয়েছিলেন। পরে বিষয়টি নিয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মি. আলেকজান্ডার জি খোঁজেন এবং রাশিয়া ফ্রেন্ডশিপ সোসাইটি-বাংলাদেশের চেয়ারম্যান মিয়া সাত্তার সরকারের স্বরাষ্ট্র ও কৃষি বিষয়ক উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে আলোচনা করেন। উপদেষ্টা মহোদয় রাশিয়ার এই উদ্যোগকে ধন্যবাদ জানান এবং দ্রুত সার সরবরাহ কার্যক্রম শুরুর অনুরোধ করেন।
বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ সোসাইটির চেয়ারম্যান মিয়া সাত্তার এক বার্তায় বলেন, রাশিয়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এবং এই সারের মাধ্যমে দেশের কৃষক সম্প্রদায় বিশেষভাবে উপকৃত হবে। দ্রুততম সময়ে সার সরবরাহ নিশ্চিত করতে তাঁরা কাজ করছেন বলেও জানান।
উল্লেখ্য, উরাচেম গ্রুপ বিশ্বের অন্যতম পটাশ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে দীর্ঘকাল ধরে কাজ করে আসছে। ২০১৩ সাল থেকে প্রতিষ্ঠানটি জিটুজি (সরকার থেকে সরকার) পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে এক মিলিয়ন টনেরও বেশি এমওপি সার সরবরাহ করেছে।