আপিল বিভাগের রায়ের মাধ্যমে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল হওয়ায় দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। তবে এই সরকার কোন প্রক্রিয়ায় গঠিত হবে, আগের কাঠামোতে নাকি জুলাই সনদের বর্ণিত কাঠামোতে, তা পরবর্তী সংসদ নির্ধারণ করবে বলে তিনি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ এই ঐতিহাসিক রায় দেন। এই পুনর্বহাল ব্যবস্থাটি চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে।
রায় ঘোষণার পর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের এই রায়ের ফলে মানুষ ভোট রাতে নয়, দিনে দিতে পারবে এবং মৃত মানুষের ভোট দেওয়ার সুযোগ বন্ধ হবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, দেশ গণতান্ত্রিক মহাসড়কে হাঁটা শুরু করেছে।
তিনি আরও উল্লেখ করেন, তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে গণতন্ত্রের কবর রচনা করেছিলেন। আজকের রায়ে তাঁর নেতৃত্বাধীন আপিল বিভাগের সেই রায়কে ত্রুটিপূর্ণ ও কলঙ্কিত উল্লেখ করে সম্পূর্ণ বাতিল করা হয়েছে।
সংক্ষিপ্ত রায়ে আপিল বিভাগ সর্বসম্মতভাবে সংশ্লিষ্ট আবেদনগুলো মঞ্জুর করে সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত অধ্যায়টিকে পুনরুজ্জীবিত করার আদেশ দেন। তবে এটি কেবল ভবিষ্যতের জন্য প্রযোজ্য হবে। আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই রায়ের বিস্তারিত ব্যাখ্যা বা পূর্ণাঙ্গ অনুলিপি পরে প্রকাশিত হবে।