জনসমক্ষে মুসলিম নারীদের বোরকা নিষিদ্ধ করার দাবিতে প্রতিবাদ জানাতে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বোরকা পরে প্রবেশ করায় দেশটির অভিবাসনবিরোধী সিনেটর পলিন হ্যানসনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর এই আচরণকে অনেক সিনেটরই বর্ণবাদী ও অমর্যাদাকর বলে নিন্দা জানিয়েছেন। তীব্র বিতর্কের পর মঙ্গলবার পার্লামেন্ট তাঁকে সাত অধিবেশন দিনের জন্য সাময়িক বরখাস্ত করে। ওয়ান নেশন পার্টির সিনেটর পলিন হ্যানসন দীর্ঘদিন ধরেই বোরকা নিষিদ্ধের দাবি জানিয়ে আসছেন।
সোমবার (২৪ নভেম্বর) তিনি প্রতিবাদস্বরূপ পূর্ণ বোরকা পরে সিনেট চেম্বারে প্রবেশ করলে তৎক্ষণাৎ ক্ষোভ ও হতবাক প্রতিক্রিয়া তৈরি হয়।
গ্রিনস পার্টি, মুসলিম সিনেটর এবং সরকারি-বিরোধী দলের নেতারা তাঁর এই আচরণকে তীব্রভাবে নিন্দা করেন। সিনেট নেতারা বলেন, হ্যানসনের এই ঘৃণাপূর্ণ নাটকীয়তা অস্ট্রেলিয়ার সামাজিক বন্ধনকে ক্ষতিগ্রস্ত করে এবং এটি সংসদের মর্যাদার সঙ্গে যায় না। হ্যানসন পোশাক খুলতে অস্বীকৃতি জানালে তাঁকে সাময়িকভাবে স্থগিত করার প্রস্তাব দেওয়া হয়।
বরখাস্ত হওয়ার পরেও কুইন্সল্যান্ডের এই সিনেটর তাঁর অবস্থানে অনড় রয়েছেন। তিনি বলেন, যদি ব্যাংকে বা অন্য যেকোনো জায়গায় হেলমেট খুলতে বলা হয়, তবে বোরকা কেন ভিন্ন হবে—এই প্রশ্ন তুলে তিনি তাঁর বিশ্বাস অনুযায়ী কাজ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং জনগণের বিচারের ওপর আস্থা রাখার কথা জানান।