পুলিশ সুপার (এসপি) নিয়োগের ক্ষেত্রে মেধা অনুযায়ী প্রার্থী বাছাই করার পর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে তিনটি ক্যাটাগরি (এ, বি ও সি) নির্ধারণ করা হয়েছে। কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মেধাবী প্রার্থীরা কেউ বাদ পড়েননি এবং লটারি জেলার জন্য এসপি নির্ধারণ করেছে, মেধা নয়।
বুধবার (২৬ নভেম্বর) সচিবালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এসপি নিয়োগের প্রক্রিয়া ব্যাখ্যা করে বলেন, প্রথমে আমরা মেধাবী এসপিদের বেছে নিয়েছি, অর্থাৎ মেধার ভিত্তিতে কেউ বাদ পড়েননি।
এরপর তিনি জানান, নিয়োগের ক্ষেত্রে তিনটি মানদণ্ড বা ক্যাটাগরি (এ, বি ও সি) নির্ধারণ করা হয়েছিল। এই ক্যাটাগরিগুলো জেলার আয়তনের ভিত্তিতে নয়, বরং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করে নির্ধারণ করা হয়েছে।
উপদেষ্টা বলেন, জেলাগুলো নির্ধারণ করে আমরা এসপিদের নির্ধারণ করেছি কাকে কোথায় দেওয়া হবে। মোট ৬৪ জেলার মধ্যে ১৮ জন পুরনো এসপিকে সরিয়ে আনা হয়েছে এবং ১৮ জনের জায়গায় নতুন এসপি দেওয়া হয়েছে। এরপর লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে, মেধাবী এসপিদের মধ্যে কে কোন জেলায় দায়িত্ব পালন করবেন। তিনি স্পষ্ট করেন, লটারি শুধু জেলা নির্ধারণ করেছে, মেধা নির্ধারণ করেনি।