প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করার অভিযোগে খুলনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের উপকমিশনার আলী রেজা হায়দারের বিরুদ্ধে আদালত অভিযোগ (চার্জ) গঠন করেছেন। এর ফলে তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার মহানগর হাকিম আসামির অব্যাহতির আবেদন নাকচ করে বিচার শুরুর এই আদেশ দেন। মঙ্গলবার আদালতে আসামি পক্ষের আইনজীবী অব্যাহতির আবেদন জানালেও তা খারিজ করে দেন বিচারক। বাদীপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালে আলী রেজা হায়দারের সঙ্গে তাঁর প্রথম স্ত্রীর বিয়ে হয়।
তাঁদের ১০ বছরের দাম্পত্য জীবন ও একটি কন্যা সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, আলী রেজা হায়দার প্রথম স্ত্রীকে ভরণপোষণ না দিয়ে খারাপ ব্যবহার করতেন এবং অন্য বিয়ে করার হুমকি দিতেন।
প্রথম স্ত্রী আদালতে অভিযোগ করেন, তাঁর অনুমতি ছাড়াই আসামি গত বছরের আগস্ট মাসে অন্য এক নারীকে বিয়ে করেন এবং তাঁকে নিয়ে বসবাস শুরু করেন। এই ঘটনায় গত বছরের ডিসেম্বরে আদালতে তাঁর বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।