গুগলের ট্রান্সপারেন্সি রিপোর্টে বাংলাদেশ থেকে কনটেন্ট অপসারণের অনুরোধ সংক্রান্ত তথ্য প্রকাশের পর সরকার আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো ওই ব্যাখ্যায় বলা হয়েছে— মিসইনফরমেশন, প্রোপাগান্ডা এবং বেআইনি মানহানিকর তথ্য ছাড়া কোনো পত্রিকার সংবাদ, রাজনৈতিক সমালোচনামূলক কনটেন্ট বা সোশ্যাল মিডিয়ার পোস্ট সরাতে কোনো প্ল্যাটফর্মকে অনুরোধ করা হয়নি। সরকার জোর দিয়ে বলেছে, আওয়ামী লীগ সরকারের তুলনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অনুরোধের সংখ্যা পাঁচ ভাগের এক ভাগের চেয়েও কম। সরকারের দাবি, সাইবার স্পেসকে নিরাপদ রাখা এবং দেশের স্থিতিশীলতা রক্ষার জন্যই এসব রিপোর্ট করা হয়েছে।
সরকার বাংলাদেশের নাগরিকদের নিশ্চিত করেছে যে, মিসইনফরমেশন ও প্রোপাগান্ডার মাধ্যমে চরিত্রহননের চেষ্টা সংক্রান্ত তথ্য অপসারণ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে অনুরোধ করা হয়নি। এই অনুরোধগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির মাধ্যমে বিটিআরসিতে যায়। সরকার আরও উল্লেখ করেছে, তারা সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে কোনো 'বট বাহিনী' পরিচালনা করে না।
জানুয়ারি-জুন ২০২৫ সময়ের গুগলের ট্রান্সপারেন্সি রিপোর্ট বিশ্লেষণ করে সরকার দেখিয়েছে, ছয় মাসে বাংলাদেশ থেকে মোট ২৭৯টি অনুরোধ গেছে, যা আওয়ামী লীগ সরকারের জুন-ডিসেম্বর ২০২২ সময়কালের সর্বোচ্চ অনুরোধ (৮৬৭টি)-এর তিন ভাগের এক ভাগের চেয়েও কম। এই সংখ্যাকে 'উল্লেখযোগ্য নয়' বলে দাবি করা হয়েছে।
সরকারের ব্যাখ্যায় বলা হয়েছে, জানুয়ারি-জুন ২০২৫ সময়কালে বাংলাদেশ ভেতর ও বাহির থেকে 'অনাকাঙ্ক্ষিত হারে মিস-ইনফরমেশন ক্যাম্পেইনের' শিকার হয়। প্রতিবেশী দেশের মিডিয়া এবং দেশে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর সাইবার স্পেসে তাদের ক্রমাগত মিস-ইনফো ক্যাম্পেইনের কারণে প্ল্যাটফর্ম হিসেবে গুগলকে রিপোর্ট করতে হয়েছে। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং ধর্মীয়, জাতিগত গোষ্ঠীগুলোকে সুরক্ষা দেওয়াই এই রিপোর্টের মূল লক্ষ্য। সরকার অনলাইন জুয়া এবং গ্যাম্বলিং সংক্রান্ত কিছু টেক-ডাউন রিকুয়েস্টও করেছে।
সরকার গর্বের সঙ্গে জানিয়েছে, ফ্রিডম হাউসের 'ফ্রিডম অন দ্য নেট ২০২৫' রিপোর্টে বাংলাদেশ ইন্টারনেট স্বাধীনতার ক্ষেত্রে একক দেশ হিসেবে সারা বিশ্বে সর্বোচ্চ অগ্রগতি অর্জন করেছে। এতে বলা হয়েছে, দমনমূলক সরকার অপসারিত হওয়ায় এবং অন্তর্বর্তী সরকার ইন্টারনেট বন্ধ প্রতিরোধে পদক্ষেপ ও সাইবার সুরক্ষায় ইতিবাচক সংস্কার নেওয়ায় এই উন্নতি সম্ভব হয়েছে।