রাজধানীর বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল ঘিরে নেপথ্যে অর্থায়ন ও পরিকল্পনার তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তদন্তে উঠে এসেছে, দলটির পলাতক ও আত্মগোপনে থাকা কয়েকজন প্রভাবশালী নেতা মাঠপর্যায়ের নেতাকর্মীদের নগদ অর্থ দিয়ে সংগঠিত করে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এসব কর্মকাণ্ডে অর্থায়ন ও ইন্ধনদাতা হিসেবে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নাসির উদ্দিনসহ আওয়ামী লীগের একাধিক নেতার নাম এসেছে। তাদের কেউ দেশে আত্মগোপনে, আবার কেউ দেশের বাইরে অবস্থান করছেন। গ্রেফতার হওয়া নেতাকর্মীদের জিজ্ঞাসাবাদে অর্থায়ন ও কর্মসূচির পরিকল্পনা সম্পর্কে তথ্য পাওয়া গেছে।
গত ১১ সেপ্টেম্বর রাজধানীর গুলশানে আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় ধরনের ঝটিকা মিছিল বের করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় ১১ ও ১২ সেপ্টেম্বর অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়া ৩২ জনকে গ্রেফতার করা হয়। ১৩ সেপ্টেম্বর ডিএমপির বিশেষ অভিযানে আরও ৪০ জন গ্রেফতার হন। সব মিলিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ৭২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গুলশানের ঘটনায় পুলিশের ভূমিকা খতিয়ে দেখতে ডিএমপির পক্ষ থেকে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ঝটিকা মিছিল ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, গত আগস্টে সারা দেশে নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষ থেকে ১৪৩টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটে। এসব ঘটনায় ৪৩টি মামলা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ২০৫ জনকে। চলতি সেপ্টেম্বরের প্রথম ৯ দিনে ছাত্রলীগের ৩১টি ঝটিকা মিছিলের ঘটনায় সাতটি মামলা ও ৫০ জন গ্রেফতার হয়েছেন। একই সময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে ২২টি ঝটিকা মিছিল ও একটি গোপন বৈঠকসহ আইনশৃঙ্খলা বিঘ্নের ৩৬টি ঘটনা ঘটেছে।
গোয়েন্দা সূত্র বলছে, মিছিলে অংশ নেওয়া কর্মীদের নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ ও যাতায়াত খরচ দেওয়া হচ্ছে। হুন্ডি, বিকাশ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্যও খতিয়ে দেখা হচ্ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় নেপথ্যে থাকা নেতাদের প্রতিনিধি ও সহযোগীরা অর্থ লেনদেন তদারকি করছেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান শফিকুল ইসলাম জানান, ঝটিকা মিছিলের ঘটনায় আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে অর্থায়ন ও পরিকল্পনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পাওয়া নামগুলো যাচাই করা হচ্ছে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারী ও তাদের অর্থদাতাদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।