ক্যারিয়ারের সেরা সময়টিতেই জীবনের সবচেয়ে বড় সংকটে পড়েছিলেন হেমা মালিনী। ১৯৮০ সালে ধর্মেন্দ্রকে বিয়ে করার পর যখন ব্যক্তিগত জীবনেও স্বস্তি ফিরছিল, ঠিক তখনই সামনে আসে বিশাল আর্থিক বিপর্যয়। এক সাক্ষাৎকারে ও জীবনীগ্রন্থে উঠে এসেছে—এই সংকট টেনে নিয়ে গিয়েছিল পুরো ১০ বছর, যা হেমা নিজের জীবনের ‘সবচেয়ে খারাপ সময়’ বলে উল্লেখ করেছেন।
হেমার জীবনী ‘হেমা মালিনী: বিয়ন্ড দ্য ড্রিম গার্ল’ বইটিতে লেখক রাম কমল মুখার্জি লিখেছেন, ‘এই কঠিন সময়ে ধর্মেন্দ্র সাহায্য করতে চেয়েছিলেন, কিন্তু হেমা তা একেবারেই নেননি। হেমার মতে, তাঁর মা কর দেওয়ার ব্যাপারে বেশ গাফিলতি করতেন, যদিও বাবা বারবার সতর্ক করতেন।’
বাবার মৃত্যুর পরই পুরো পরিস্থিতি স্পষ্ট হয়। হেমা বলেন, ‘বাবার মৃত্যুর পর আমরা বুঝলাম বছরের পর বছর ধরে আমরা এক বিশাল আর্থিক জটিলতায় জড়িয়ে গেছি। প্রচুর বকেয়া কর পরিশোধ করতে হতো।’
হেমার কথায়, ‘এটা ছিল আমার জীবনের সবচেয়ে খারাপ সময়। প্রায় ১০ বছর চলেছিল। ঋণ শোধ করতে হতো, আর ওই ছবিগুলো ছাড়া কোনো পথ ছিল না। নাচের শো করতাম, কিন্তু বড় টাকা আসত সিনেমা থেকেই।’
এই সময়েই তিনি দুই মেয়ের মা—ঈশা ও আহানা হয়ে উঠেছেন। ঈশা পরে জানান, শিশুকালে তিনি দেখতেন মা ঘরে খুব কম সময় থাকেন। পরে পুরোনো কিছু ছবি দেখে কারণ জিজ্ঞেস করায় হেমা তাঁকে জানান সেই সময়কার আর্থিক দুঃসময়ের কথা। আটের দশকের শেষ দিকে হেমা প্রযোজনা ও পরিচালনার দিকেও ঝুঁকেছিলেন।


