গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন । সোমবার (১৫ ডিসেম্বর) তিনি মহান বিজয় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে এমন মন্তব্য করেন। তিনি বলেন, স্বাধীনতার প্রকৃত সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে পরমতসহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ঐক্যের সংস্কৃতি গড়ে তুলতে হবে।
সোমবার রাষ্ট্রপতি এক বাণীতে বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস আমাদের জাতীয় গৌরবের প্রতীক এবং স্বাধীনতার চূড়ান্ত সাফল্যের স্মারক। এ দিনে তিনি দেশে ও প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিকে বিজয়ের শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে আমরা অর্জন করি কাঙ্ক্ষিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব। স্বাধীনতা কেবল রাজনৈতিক স্বাধীনতা নয়, বরং অর্থনৈতিক মুক্তি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যও ছিল। রাষ্ট্রপতি বলেন, বিগত পাঁচ দশকের পথচলায় জনগণের পূর্ণ রাজনৈতিক ও আর্থসামাজিক মুক্তি এখনও অর্জিত হয়নি। ২০২৪ সালের ছাত্র জনতার গণ-অভ্যুত্থান বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার নতুন আশা জাগিয়েছে।