দেশ পুনর্গঠনের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, তরুণদের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল ভূমিকা থাকলে দেশকে এগিয়ে নেওয়ার পথ কেউ রোধ করতে পারবে না।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ সমাজকে পরিবর্তনের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠনে তরুণদেরই দায়িত্ব নিতে হবে। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের কথা স্মরণ করে তিনি বলেন, তরুণ সমাজ ইতোমধ্যে তাদের শক্তি ও সক্ষমতার প্রমাণ দিয়েছে। এবার রাষ্ট্র ও দেশকে পুনর্গঠনের কাজেও তাদের এগিয়ে আসতে হবে।
ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু শতভাগ নির্মূল করা সম্ভব না হলেও সমন্বিত উদ্যোগ ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ জন্য আগামী তিন মাস দেশব্যাপী সর্বোচ্চ তৎপরতা চালানোর কথা জানান তিনি।
প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে ‘পরিচ্ছন্ন পরিবার, পরিচ্ছন্ন দেশ, সবার জন্য বাংলাদেশ’ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা অভিযান চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। ঢাকাসহ দেশের সব মহানগর, বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে অভিযান পরিচালনা করা হবে।
মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি করপোরেশন, জেলা পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) এ কার্যক্রম সমন্বয় ও তদারকি করবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডেঙ্গু সংক্রান্ত জাতীয় কমিটির সভাপতি ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আবদুল খালেক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম।