অসাধারণ প্রতিভা ও দ্রোহের কবি, সাংবাদিক ও সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর আজ জন্মদিন। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর হবিগঞ্জের মাকালকান্দিতে জন্ম নেওয়া এই গুণী মানুষটি তার ৪৩ বছরের সংক্ষিপ্ত জীবনে বাংলা সংগীতে ও সৃজনশীলতায় এক গভীর পদচিহ্ন রেখে গেছেন।
সঞ্জীব চৌধুরী ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার, সাংবাদিক এবং প্রখর রাজনৈতিক চেতনার এক মানুষ। শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী এই মানুষটি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে মেধা তালিকায় স্থান অর্জন করেছিলেন। ঢাকা কলেজে থাকাকালীন তিনি সরাসরি ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং আজীবন সাম্যবাদী আদর্শ লালন করেছেন।
তার সংগীত জীবন ছিল সাধারণ মানুষের জন্য। 'দলছুট' ব্যান্ডের হয়ে তার সৃষ্টিগুলো আজও মানুষের মুখে মুখে ফেরে। ‘আমি তোমাকেই বলে দেব’, ‘বাজি’, ‘বায়োস্কোপ’, ‘নৌকাভ্রমণ’, ‘কালা পাখি’ কিংবা ‘চোখ’—এমন অসংখ্য গান শ্রোতাদের হৃদয়ে এক স্থায়ী আসন তৈরি করে নিয়েছে। তার গান শুধু বিনোদনের জন্য ছিল না, বরং তাতে ছিল মানুষের বিবেককে জাগ্রত করার সুর।
পার্থিব অর্থ-বিত্ত বা খ্যাতির মোহ তাকে কখনও স্পর্শ করতে পারেনি। পথে পথে গান গেয়ে বেড়ানো এই মানুষটি তার সৃষ্টিকর্মের মাধ্যমেই এক বিশেষ সময়ের সাক্ষী হয়ে আছেন। ৪৩ বছরের সংক্ষিপ্ত এক জীবনের আয়ুষ্কালে তিনি যা দিয়ে গেছেন, তা বাংলা সংস্কৃতির এক অমূল্য সম্পদ।