বিপিএলের উদ্বোধনী ম্যাচে শুক্রবার (২৬ ডিসেম্বর) মাঠে নামছে রাজশাহী ওয়ারিয়র্স। স্বাগতিক সিলেট টাইটান্সের মুখোমুখি হওয়ার আগে রোমাঞ্চিত রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই আসরে ব্যক্তিগত পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থ্য প্রমাণ করে আবারও জাতীয় টি-টোয়েন্টি দলে ফেরার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিপিএল শুরু করাকে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নাজমুল হোসেন শান্ত। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, হোম ক্রাউডের বিপক্ষে খেলা সবসময়ই রোমাঞ্চকর। আমার দলের ক্রিকেটাররা এই চ্যালেঞ্জ নিতে পুরোপুরি প্রস্তুত। প্রতিপক্ষ সিলেটকে শক্তিশালী মানলেও মাঠের লড়াইয়ে নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে নিতে চান তিনি।
জাতীয় দলে দীর্ঘ সময় ধরে অনিয়মিত থাকা শান্তর জন্য এবারের বিপিএল এক বড় সুযোগ। সামনে বিশ্বকাপের কথা মাথায় রেখে তিনি বলেন, আমার প্রধান লক্ষ্য হলো দলের জয়ে অবদান রাখা। শুধুমাত্র ব্যাটিং নয়, সব দিক থেকেই প্রভাব ফেলতে চাই। রান করার নেশা এবং পারফরম্যান্সে ধারাবাহিকতা বজায় রেখে নির্বাচকদের নজরে আসাই এখন তার মূল মিশন।
অধিনায়ক হিসেবে শান্ত মনে করেন, টুর্নামেন্টে ভালো শুরু করাটা মানসিক শক্তির জন্য জরুরি। ব্যক্তিগত লক্ষ্য এবং দলীয় সাফল্যের ভারসাম্য বজায় রেখে এবারের বিপিএলকে ক্যারিয়ারের নতুন মোড় হিসেবে দেখছেন এই টপ-অর্ডার ব্যাটার।