কলকাতার স্কোয়াড থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে মুস্তাফিজকে ছাড়ার নির্দেশনা দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সাম্প্রতিক নানা ঘটনাকে কেন্দ্র করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছেন ভারতীয় বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া।
শনিবার মূলত ভারতের সঙ্গে নিউজিল্যান্ডের আসন্ন ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা দিতে সভায় বসছে বিসিসিআই কর্মকর্তারা। এর আগে গণমাধ্যমের সামনে মুস্তাফিজের প্রসঙ্গ উঠে এসেছে।
তিনি বলেছেন, দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যেকোনো ক্রিকেটারকেই তাদের পছন্দমতো নেওয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেওয়া হয়েছে।
ভারতের স্কোয়াড ঘোষণা প্রসঙ্গে দেবজিৎ সাইকিয়া বলছেন, আপনারা জানেন যে, ১১ জানুয়ারি থেকে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে। আসন্ন সিরিজের স্কোয়াড ঘোষণার লক্ষ্যে নির্বাচকদের সঙ্গে সভা রয়েছে। বিকেলে নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড ঘোষণা করা হবে।
গত মাসে অনুষ্ঠিত আইপিএলের নিলামে বাংলাদেশ থেকে সাতজন ক্রিকেটারের নাম উঠলেও দল পান শুধ মুস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের এটাই সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার নজির।
ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংস ঘটনার খবর প্রকাশ্যে আসার পর থেকেই কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে মুস্তাফিজুর রহমানের চুক্তি নিয়ে বিতর্ক তৈরি হয়। এই পরিস্থিতিতে ২০২৬ আইপিএলে মুস্তাফিজের অংশগ্রহণ নিয়েও ভারতে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।
এর আগে ভারতের ধর্মীয় আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুর এএনআইকে বলেছিলেন, কেকেআরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও তাদের শীর্ষ নেতৃত্বের ওই ক্রিকেটারকে (মুস্তাফিজুর রহমান) দল থেকে সরিয়ে দেওয়া উচিত।
অন্যদিকে মুস্তাফিজকে দলে নেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সের মালিক ও বলিউড অভিনেতা শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলে মন্তব্য করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সঙ্গীত সোম।মুস্তাফিজকে পরোক্ষ হুমকি দিয়ে দল থেকে বাদ দিতে শাহরুখের কাছে অনুরোধ জানান হিন্দুত্ববাদী রাজনীতিক দল শিভসেনার নেতা সঞ্জয় নিরুপম।
এর আগে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছিলেন, মুস্তাফিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন। একই সঙ্গে ভারতের বার্তা সংস্থা আইএএনএসকে বিসিসিআইয়ের এক সূত্র বলেছিলেন, বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএলে অংশ নেওয়া থেকে বিরত রাখার বিষয়ে সরকারের তরফ থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি।
সব জল্পনার অবসান ঘটিয়ে আজ বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া স্পষ্ট করেন, মুস্তাফিজকে কলকাতা নাইট রাইডার্সের দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও এর আগে মুস্তাফিজ প্রসঙ্গে সম্পূর্ণ উল্টো অবস্থানে ছিল বিসিসিআই। কূটনৈতিক সম্পর্কের প্রভাব মাঠের ক্রিকেটে পড়বে না বলে বিসিসিআইয়ের এক কর্মকর্তা স্পষ্ট জানান, বাংলাদেশের ক্রিকেটারদের নিষিদ্ধ করার মতো কোনো নির্দেশ আসেনি। তাই মুস্তাফিজ আইপিএলের খেলা নিয়ে শঙ্কা নেই।
কিন্তু এবার সম্পূর্ণ দৃশ্যপট পাল্টে গেল, ফিজকে কলকাতা দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত জানালেন দেবজিৎ সাইকিয়া।