নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন শ্রমিকরা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হতে যাওয়া এই কর্মসূচির ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরে বড় ধরনের অচলাবস্থার শঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুরে বন্দর এলাকায় বিক্ষোভ সমাবেশ থেকে এই নতুন কর্মসূচির ডাক দেয় শ্রমিক-কর্মচারী সংগঠনগুলো।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ২৪ ঘণ্টার কর্মবিরতি চলাকালেই আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিলেন। এনসিটি জেটি বিদেশি কোম্পানি 'ডিপি ওয়ার্ল্ড'কে ইজারা না দেওয়া, বন্দর চেয়ারম্যানের পদত্যাগ এবং আন্দোলনকারীদের বদলির আদেশ বাতিলের দাবিতে এই আন্দোলন চলছে।
চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন বলেন, “নৌ-উপদেষ্টার হুমকি ও শাস্তিমূলক ব্যবস্থার প্রতিবাদে আমরা কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।”
টানা কর্মবিরতির ফলে এনসিটি ও সিসিটিসহ বন্দরের সব টার্মিনালে পণ্য ওঠানামা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। গত চার দিন ধরে জেটিতে জাহাজ অপেক্ষমাণ থাকায় এবং মালামাল ডেলিভারি বন্ধ থাকায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। বিজিএমইএ জানিয়েছে, এই স্থবিরতার কারণে পোশাক খাতের রফতানি শিডিউল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং বাড়ছে আমদানি ব্যয়।
শ্রমিকরা আগ্রাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল করলে পুলিশি বাধার মুখে পড়ে। বর্তমানে বন্দরের সামগ্রিক কার্যক্রম স্থবির হয়ে থাকায় আমদানিকৃত কাঁচামাল নিয়ে বিপাকে পড়েছেন দেশের শিল্প মালিকরা।