মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। যে সূর্য সন্তানদের প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ, তাঁদের স্মরণ করতে সকাল থেকেই বিভিন্ন প্রান্তের হাজার হাজার মানুষ স্মৃতিসৌধ প্রাঙ্গণে ভিড় করেন। বিভিন্ন সংগঠন, স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা ফুল ও পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বেদীকে শ্রদ্ধায় ভরিয়ে তোলেন।
সরেজমিনে দেখা যায়, রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ ব্যানার ও ফেস্টুন হাতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন। শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাঁরা বাংলাদেশের মুক্তিকামী সন্তানদের স্মরণ করেন।

কলেজ শিক্ষার্থী শারমিন আক্তার, যিনি পরিবারের সঙ্গে মানিকগঞ্জ থেকে প্রথমবারের মতো স্মৃতিসৌধে এসেছেন, তিনি বলেন, আমি মুক্তিযুদ্ধ দেখিনি, শুধু বইয়ে পড়েছি। আজ সশরীরে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।
অন্যদিকে, শ্যামলী থেকে আসা আরিফুল ইসলাম জানান, তিনি প্রতি বছরই এই দিনে স্বাধীনতা এনে দেওয়া বীরদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন। শিক্ষক সাইফুল ইসলাম দিবসটিকে 'গৌরবের দিন' হিসেবে উল্লেখ করে বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। এই দিনে আত্মদানকারী সেই সব বীরদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই।