প্রবাসী আয়ে বড় ধরনের উল্লম্ফন লক্ষ্য করা যাচ্ছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৭ দিনেই দেশে ১৯৭ কোটি (১.৯৭ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ৫৯ লাখ ডলার দেশে আসছে। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছরের ফেব্রুয়ারির প্রথম ১৭ দিনে রেমিট্যান্স এসেছিল ১৫৮ কোটি ১০ লাখ ডলার। সেই তুলনায় এবার প্রবৃদ্ধির চিত্র বেশ ইতিবাচক। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে মোট ২ হাজার ১৪০ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের চেয়ে ২২ শতাংশ বেশি।
খাত সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে ডলারের দামের সমন্বয় এবং প্রবাসীদের আস্থা বাড়ায় রেমিট্যান্স প্রবাহে এই গতি দেখা যাচ্ছে। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে দেশে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যা ছিল বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ মাসিক আয়। ২০২৪-২৫ অর্থবছরেও ৩০.৩২ বিলিয়ন ডলার পাঠিয়ে প্রবাসীরা রেকর্ড গড়েছিলেন, আর চলতি অর্থবছরেও সেই ধারাবাহিকতা বজায় রয়েছে।