ইরানে ইসরায়েলের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা বিবেচনায় নিজেদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইরান ও প্রতিবেশী দেশ ইরাক।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেহরানের গুরুত্বপূর্ণ এলাকায় বিস্ফোরণের পর দেশ দুটি এই সিদ্ধান্ত নেয়। এর আগে ইসরায়েলও তাদের বেসামরিক বিমান চলাচল বন্ধের ঘোষণা দেয়। এদিকে, তেহরানে ইরানি প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
শনিবার ভোরে ইরানে ইসরায়েলি বিমান বাহিনীর হামলার পরপরই মধ্যপ্রাচ্যে বিমান চলাচল ব্যবস্থায় অচলাবস্থা তৈরি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ফ্লাইট স্থগিত করা হয়েছে। একই পথে হেঁটেছে ইরাকও; দেশটির পরিবহন মন্ত্রণালয় তাদের আকাশসীমা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে, ইসরায়েলের পরিবহন ও সড়ক নিরাপত্তা মন্ত্রী মিরি রেগেভও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালককে আকাশসীমা বন্ধের নির্দেশ দিয়েছেন।
আল জাজিরা ও এএফপি’র তথ্যমতে, তেহরানের প্রাণকেন্দ্রের ইউনিভার্সিটি স্ট্রিট ও জোমহৌরি এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। টাইমস অব ইসরায়েল দাবি করেছে, তেহরানে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবন ছিল এই যৌথ অভিযানের অন্যতম লক্ষ্যবস্তু। হামলার সময় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) তাদের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে। ইরানি ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য পাল্টা জবাব মোকাবিলায় ইসরায়েলজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এই হামলার ফলে পুরো অঞ্চলে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।