ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন করতে আগামী ১০ মার্চ বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই হবে বগুড়ায় তার প্রথম সরকারি সফর।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মহাস্থানগড়ে এক বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য নিশ্চিত করেন।
আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বগুড়ায় প্রস্তুতি শুরু হয়েছে। এই সফরের মূল লক্ষ্য হলো নিম্নবিত্ত পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির সূচনা করা। এই কার্ডের মাধ্যমে যোগ্য প্রতিটি পরিবার প্রতি মাসে ২,৫০০ টাকা করে সরাসরি আর্থিক সহায়তা পাবে।
বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়ন থেকে এই প্রকল্পের পরীক্ষামূলক কাজ শুরু হচ্ছে। প্রকল্পের নিয়ম অনুযায়ী, পরিবারের একজন নারীর নামে কার্ডটি ইস্যু করা হবে। সফলভাবে চার মাস পাইলটিং শেষে এটি সারা দেশে চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।