আজ পপসম্রাট আজম খানের জন্মদিন। ১৯৫০ সালের আজকের দিনে ঢাকার আজিমপুর সরকারি কলোনির ১০ নম্বর ভবনে জন্ম নেন। তার পুরো নাম মাহবুবুল হক খান। বাবা আফতাব উদ্দিন আহমেদ ও মা জোবেদা খাতুন। তারা চার ভাই ও এক বোন। ১৯৫৫ সালে আজম খান প্রথমে আজিমপুরের ঢাকেশ্বরী স্কুলে ভর্তি হন। ১৯৫৬ সাল থেকে কমলাপুরে থাকতেন পরিবারসহ। সেখানেই আমৃত্যু ছিলেন।
১৯৬৯ সালের ঐতিহাসিক গণ–অভ্যুত্থানের উত্তাল সময়ে তিনি পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। সে সময় তিনি ক্রান্তি শিল্পীগোষ্ঠীর সক্রিয় সদস্য হিসেবে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে মানুষের মধ্যে দেশপ্রেম ও প্রতিবাদের চেতনা জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
১৯৭০ সালে তিনি ঢাকার টিঅ্যান্ডটি কলেজ থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেন। একজন সাহসী মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতার সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।
স্বাধীনতার পর তিনি সঙ্গীতজগতে আত্মপ্রকাশ করে বাংলা পপ ও ব্যান্ড সঙ্গীতে নতুন ধারার সূচনা করেন এবং অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
মুক্তিযুদ্ধের পর তার ব্যান্ড উচ্চারণ দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। ওরে সালেকা ওরে মালেকা, হাইকোর্টের মাজারে, রেল লাইনের ঐ বস্তিতে, আমি যারে চাইরে, পাপড়ি কেন বোঝে না, চুপ চুপ চুপ অনামিকা চুপ, আসি আসি বলে তুমি আর এলে না, এত সুন্দর দুনিয়ায় কিছুই রবে না রে ও চার কালেমা সাক্ষী দেবে সহ আরও অসংখ্য কালজয়ী গান শ্রোতাদের উপহার দেন আজম খান।
২০১১ সালের ৫ জুন পৃথিবীর মায়া ছেড়ে চলে যান তিনি। গানে গানে তিনি অমর। জন্মদিনে আজম খান অগণিত ভক্তের ভালোবাসায় সিক্ত হন সুরে, সুরে, গানে গানে।