ঠাকুরগাঁওয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে তিনি জানান, জেলায় কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না এবং মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এছাড়া ২০২৭ সালের মধ্যে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ছাত্র ভর্তি শুরুর আশাবাদ ব্যক্ত করেন তিনি।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনকল্যাণমূলক প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের সব দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, আমরা কখনো দুর্নীতিকে প্রশ্রয় দিইনি, ভবিষ্যতেও দেব না। দুর্নীতিবাজদের দমনে দুদক সক্রিয়ভাবে কাজ করবে।
বৈঠকে জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মাদক নির্মূলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মন্ত্রী জানান, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের প্রক্রিয়া দ্রুত গতিতে এগোচ্ছে এবং জমি নির্ধারণের জন্য একটি বিশেষজ্ঞ দল আজই পরিদর্শনে এসেছে। লক্ষ্য অনুযায়ী ২০২৭ সালের মধ্যে এখানে শিক্ষা কার্যক্রম শুরু হবে। এছাড়া ঠাকুরগাঁও পৌরসভার উন্নয়ন এবং কৃষি ক্ষেত্রে নতুন প্রকল্প গ্রহণের বিষয়েও আলোচনা হয়েছে।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রধানমন্ত্রীর ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দ্রুত বাস্তবায়নে কাজ চলছে বলে জানান মির্জা ফখরুল। ইতিমধ্যে রহিমানপুর ইউনিয়নে এর কার্যক্রম শুরু হয়েছে। নারীদের উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতেও বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। মাদক নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, একটি সুন্দর ও সুশৃঙ্খল জেলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।