কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকালে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বিমানের ক্রুরা অক্ষত আছেন এবং তাদের উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। খবর বিবিসির।
সোমবার (২ মার্চ ) সকালে বেশ কিছু মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানান। তবে বিধ্বস্ত বিমানে থাকা সমস্ত আরোহী বেঁচে আছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
যুদ্ধবিমানের পাইলট জরুরি প্রক্রিয়ায় বাইরে বের হয়ে নিরাপদে অবতরণ করেছেন বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা তাকে সহায়তা করেন। তবে অস্ত্রব্যবস্থা পরিচালনাকারী কর্মকর্তার অবস্থা এখনো জানা যায়নি।
বিমানটি ইরানের ক্ষেপণাস্ত্রে ভূপাতিত হয়েছে, নাকি মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলবশত নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রে আঘাত পেয়েছে, অথবা কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে রোববার যুদ্ধে প্রথম মার্কিন হতাহতের বিষয়টি নিশ্চিত করা হয়। শনিবার সকাল থেকে শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত তিনজন সেনা নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিহতদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধ শেষ হওয়ার আগে আরও হতাহতের আশঙ্কা রয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির নিহত হওয়ার জেরে হিজবুল্লাহর পাল্টা হামলার পর সোমবার লেবাননে ইসরায়েলের হামলার মধ্য দিয়ে সংঘাত আরও বিস্তৃত হয়েছে।