বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিল করে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে টিআইবি-র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বর্তমান গভর্নরের বিরুদ্ধে 'স্বার্থের দ্বন্দ্ব' বা কনফ্লিক্ট অব ইন্টারেস্টের জোরালো অভিযোগ রয়েছে। এমন নেতৃত্বের অধীনে কেন্দ্রীয় ব্যাংকের নিরপেক্ষ নজরদারি সম্ভব নয় বলে দাবি করে সংস্থাটি।
ধানমন্ডিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. ইফতেখারুজ্জামান আশঙ্কা প্রকাশ করেন যে, এই নিয়োগের পেছনে কোনো বিশেষ মহলকে লুটপাটের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্য থাকতে পারে। তিনি বলেন, যদি লুটপাটের জন্য দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আবারও কর্তৃত্বে ফিরিয়ে আনা হয়, তবে তা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হবে।
টিআইবি আরও জানায়, বর্তমান সরকারের কিছু পদক্ষেপ আশাব্যাঞ্জক হলেও গভর্নর নিয়োগ ও দুদকের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের মতো বিষয়গুলো জনমনে উদ্বেগ তৈরি করেছে। দেশের আর্থিক খাতের স্থিতিশীলতা রক্ষায় সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত করে যোগ্য ব্যক্তিকে গভর্নর পদে নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানায় সংস্থাটি।