ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান অধিবেশনটি ইতিহাসের এক অনন্য ও বিরল উদাহরণ বলে মন্তব্য করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
রবিবার (২৯ মার্চ) বিকেলে ১৩ দিনের বিরতি শেষে শুরু হওয়া সংসদের মুলতবি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি বলেন, গুম ও ফাঁসির মঞ্চ পেরিয়ে মজলুম জননেতারা আজ এই সংসদে জনগণের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছেন, যা বিশ্ব রাজনীতিতে এক বিরল ঘটনা।
ডেপুটি স্পিকার তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান সংসদের অনেক সদস্য দীর্ঘ কারাবাস, গুম ও চরম নির্যাতনের শিকার হয়েও গণতন্ত্রের লড়াইয়ে টিকে থেকে জয়ী হয়েছেন। তিনি বলেন, "জাতীয় সংসদ হবে জাতির দর্পণ, যেখানে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।" নিজেকে একজন সাধারণ কৃষক পরিবারের সন্তান হিসেবে পরিচয় দিয়ে তিনি এই সম্মানের জন্য সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও নেত্রকোনা-১ আসনের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তব্যে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সংসদীয় গণতন্ত্রের পুনর্প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ সকল বীরদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই গণঅভ্যুত্থানই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে পুনরায় গণতন্ত্রের দ্বার উন্মুক্ত করেছে। অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারি ও বিরোধী দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।