বিশৃঙ্খলার আশঙ্কায় রাতের বেলা পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রাখার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (৩১ মার্চ) মগবাজারে এক সংবাদ সম্মেলনে সংগঠনটি সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত জ্বালানি বিক্রির সময়সীমা নির্ধারণসহ ১০ দফা দাবি জানায়। তবে তারা নিশ্চিত করেছে যে, বাস-ট্রাকের যাতায়াত স্বাভাবিক রাখতে ডিজেল সরবরাহ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন থাকবে। পাম্পে তেল থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখা নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিক ও মালিক নেতাদের মধ্যে বাগবিতণ্ডার ঘটনাও ঘটে।
সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক বলেন, "রাতের বেলা দুষ্টু লোকদের উপদ্রব বাড়ায় শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। তাই নিরাপত্তার স্বার্থে আমরা রাতে পেট্রোল-অকটেন বিক্রি বন্ধ রাখতে চাই।" তিনি জানান, অনেক দেশে নির্দিষ্ট সময়সূচি মেনে তেল বিক্রি হয় এবং বাংলাদেশেও বর্তমানে গ্রাহকদের ‘প্যানিক বায়িং’ বা আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার কারণে অস্বাভাবিক চাহিদা তৈরি হয়েছে। আগে যে পাম্পে ৫ হাজার লিটার বিক্রি হতো, এখন সেখানে ২৫ হাজার লিটারের চাহিদা তৈরি হয়েছে, যা সরবরাহ করা অসম্ভব।
পাম্প মালিকরা আরও অভিযোগ করেন যে, ট্যাংক লরির চেম্বার পূর্ণ করে তেল না দেওয়ায় তাদের পরিবহন খরচ দ্বিগুণ হচ্ছে। এছাড়া পাম্পে সরকারি ‘ট্যাগ অফিসার’ নিয়োগ করায় মালিকদের এককভাবে কিছু করার সুযোগ নেই বলেও তারা দাবি করেন। তেল মজুত করে কালোবাজারে বিক্রির অভিযোগ অস্বীকার করে নাজমুল হক বলেন, বরং অনেক মোটরসাইকেল আরোহী পাম্প থেকে তেল কিনে বাইরে বিক্রি করছেন। সংকট কাটাতে সরকারি মনিটরিং জোরদার এবং পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
মালিক সমিতির উল্লেখযোগ্য দাবিগুলো:
• পেট্রোল-অকটেন বিক্রির সময় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত করা।
• ট্যাংক লরির পূর্ণ ধারণক্ষমতা (সাড়ে ৪ হাজার লিটার) অনুযায়ী তেল সরবরাহ।
• পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা প্রদান ও অযথা মালিকদের ওপর দোষারোপ বন্ধ করা।
• গ্রাহকদের ধৈর্য ধারণ এবং ট্যাংক শূন্য হওয়া পর্যন্ত ভিড় না করা।