পরবর্তী শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এমপিওভুক্ত শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) এই বিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ১৯ থেকে ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে শূন্যপদের তথ্য জমা দিতে হবে। শূন্যপদের ভিত্তিতে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবেশ পর্যায়ের এমপিওভুক্ত শূন্যপদগুলো সংগ্রহ করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষক নিয়োগের জন্য এটি একটি জরুরি প্রক্রিয়া।
এনটিআরসিএ স্পষ্টভাবে জানিয়েছে যে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে যে শূন্যপদ সৃষ্টি হয়েছে, শুধুমাত্র সেগুলোর তথ্যই এবার গ্রহণ করা হবে। অনলাইনে শূন্যপদের চাহিদা দাখিলের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পরবর্তী তিনদিনের মধ্যে অবশ্যই নির্ধারিত ফি জমা দিতে হবে।