বাজারে দ্রব্যমূল্য নিয়ে কোনো সাউন্ড বাইট নয়, বরং কাজের মাধ্যমে ফল দেখানোর আশ্বাস দিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, বাজার তদারকি ও সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের করা বাণিজ্য চুক্তির প্রতিটি ধারা ও দেশের স্বার্থ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফের ইস্যুটা এখনও বিকাশমান (ইভলভিং)। আমরা শুনেছি তারা সব দেশের জন্য ১৫ শতাংশ ট্যারিফ ঘোষণা করতে যাচ্ছে, তবে এ বিষয়ে এখনও কোনো লিখিত নথি আমাদের হাতে পৌঁছায়নি।
তিনি আরও জানান, আগে নির্দিষ্ট দেশভেদে ১৯ শতাংশ পর্যন্ত রিসিপ্রোকাল ট্যারিফ ছিল। এখন ১৫ শতাংশ যে ট্যারিফের কথা বলা হচ্ছে, তা সবার জন্য অভিন্ন।
বিষয়টিকে অত্যন্ত সেনসিটিভ বা সংবেদনশীল উল্লেখ করে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের একটি নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (গোপনীয়তা চুক্তি) ছিল আলোচনা চলাকালীন সময়ে। যেহেতু পরিস্থিতি এখনও পরিবর্তনশীল, তাই দেশের স্বার্থে এ বিষয়ে এখনই আগাম কোনো মন্তব্য না করাই শ্রেয়।