দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংকট কাটাতে স্থল ও সমুদ্রে গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করার পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রাকৃতিক সম্পদের ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে বিদ্যুৎ খাতের বিপুল ভর্তুকি কমাতে সুশাসন নিশ্চিত করা ও বিতর্কিত ক্যাপাসিটি চার্জ পুনর্মূল্যায়নের ওপর জোর দেন তিনি।
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের সামনে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বুয়েটের সাবেক অধ্যাপক ড. ইজাজ হোসেনের মতে, বর্তমানের উচ্চ ভর্তুকি ব্যবস্থা দীর্ঘ মেয়াদে টেকসই নয়।
ড. ইজাজ জানান, বর্তমানে প্রায় ৬ হাজার মেগাওয়াট তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু রয়েছে, যা অত্যন্ত ব্যয়বহুল। রমজানে লোডশেডিংমুক্ত রাখতে এগুলো চললেও এরপর দ্রুত সরিয়ে নেওয়া প্রয়োজন। এর পরিবর্তে শিল্প খাতে কয়লা ও গ্যাস আমদানিতে প্রাধান্য দিলে প্রতি কিলোওয়াটে ৪-৫ টাকা সাশ্রয় সম্ভব। তবে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য সমুদ্র (অফশোর) ও স্থলভাগে (অনশোর) দ্রুত গ্যাস অনুসন্ধান শুরু করতে হবে।
বিদ্যুৎ খাতের লুটপাট ও দুর্নীতি ঠেকাতে কঠোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি। ক্যাপাসিটি চার্জ নিয়ে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ব্যয় কমানোর পরামর্শ দিয়ে তিনি বলেন, অন্যায়ভাবে যারা মুনাফা করেছে তাদের জরিমানা বা শাস্তির আওতায় আনতে হবে।
বিশেষজ্ঞের মতে, রাজনৈতিক প্রভাবে যত্রতত্র গ্যাসলাইন না দিয়ে পরিকল্পিত বিতরণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। ‘স্পেশাল পাওয়ার অ্যাক্ট’ এখন না থাকায় দুর্নীতির সুযোগ কমলেও সঠিক সময়ে সঠিক কারিগরি সিদ্ধান্ত নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ।