আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত গণভোট। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ‘জুলাই সনদ’ বাস্তবায়নে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। ক্ষমতার ভারসাম্য রক্ষা, প্রধানমন্ত্রীর মেয়াদ নির্ধারণ এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে এই গণভোটকে তিনি ‘দেশ পরিবর্তনের চাবি’ হিসেবে উল্লেখ করেছেন।
প্রধান উপদেষ্টা তার বার্তায় ‘জুলাই সনদ’-এর মূল বৈশিষ্ট্যগুলো তুলে ধরেন। তিনি জানান, গণভোটে জনগণের সম্মতি পেলে কোনো ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং সরকার চাইলেই এককভাবে সংবিধান পরিবর্তন করতে পারবে না। এছাড়া সংসদে উচ্চকক্ষ গঠন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতায় সীমাবদ্ধতা আনার মতো বৈপ্লবিক পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে এই সনদে।
মুহাম্মদ ইউনূস আরও বলেন, এই সনদের মাধ্যমে বিচার ব্যবস্থা সম্পূর্ণ স্বাধীন হবে এবং রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিক স্বীকৃতি পাবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় এই সংস্কার অপরিহার্য। তিনি ভোটারদের নিজে ভোট দেওয়ার পাশাপাশি অন্যদেরও কেন্দ্রে নিয়ে এসে ‘নতুন বাংলাদেশ’ গড়ার এই ঐতিহাসিক সুযোগ গ্রহণের অনুরোধ জানান।