পাকিস্তানের কিংবদন্তি সুফি গায়িকা আবিদা পারভীনের মৃত্যুর খবরটি সম্পূর্ণ মিথ্যা বলে মন্তব্য করেছেন তার কন্যা। মৃত্যুটির খবরটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তেই শোরগোল পড়ে যায় ভক্তদের মাঝে।
পাকিস্তানি সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তানের খবরে বলা হয়েছে, আবিদপারভীনের মৃত্যুর খবরটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছেন গায়িকার কন্যা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবরটি নাকচ করে দিয়ে তার কন্যা জানিয়েছেন, আবিদা সুস্থ ও নিরাপদ আছেন।
এই মৃত্যুর গুজবের সূত্রপাত কীভাবে, এ প্রসঙ্গে আবিদার মেয়ে জানান, লাহোরের দিলগরান চক এলাকায় ‘আবিদা পারভীন’ নামে অন্য এক নারীর মৃত্যু হয়েছিল। ওই নারীর নামের সঙ্গে মিল থাকায় এবং বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এই ভুল তথ্যের মাধ্যমে ভক্তদের বিভ্রান্ত করা হচ্ছে বলে দাবি তার।
মৃত্যুর এই গুজব ছড়িয়ে পড়ায় আবিদা পারভীনের দেশ-বিদেশের অসংখ্য ভক্ত উদ্বেগ প্রকাশ করেন। এমন পরিস্থিতিতে শিল্পীর পরিবারের পক্ষ থেকে অনুরোধ, যেন নির্ভরযোগ্য ও সঠিক সূত্র ছাড়া কোনো তথ্য বিশ্বাস না করা হয়। একই সঙ্গে যাচাই না করে কোনো সংবাদ প্রচার না করতে এবং শিল্পীর ও তার পরিবারের গোপনীয়তাকে সম্মান জানাতে মিডিয়ার প্রতি আহ্বান জানান তারা।
উল্লেখ্য, আবিদা পারভীন বিশ্বজুড়ে সুফি সংগীতের এক অনন্য ও সম্মানিত নাম। ভক্তদের কাছে তিনি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক। এর আগেও তার অসুস্থতা কিংবা মৃত্যুর ভুয়া গুজব একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, যা প্রতিবারই শিল্পীর পরিবার স্পষ্টভাবে মিথ্যা বলে নিশ্চিত করেছে।