ভোলার দৌলতখান উপজেলায় মহান বিজয় দিবসের এক অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতখান উপজেলা স্টেডিয়ামে এই ঘটনায় জামায়াতের ১৫ জন এবং বিএনপির ৫ থেকে ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতখান উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় স্টেডিয়ামে বিজয় দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জন্য আলাদা আসনের ব্যবস্থা ছিল।
জামায়াতে ইসলামীর দৌলতখান উপজেলা শাখার আমীর ও সেক্রেটারি নির্ধারিত সময়ে আসনে বসার পর বিএনপির নেতাকর্মীরা সেখানে এসে জামায়াত নেতাদের 'রাজাকার' বলে কটাক্ষ করতে শুরু করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়, যা পরে চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষে রূপ নেয়।
জামায়াতে ইসলামীর দৌলতখান উপজেলার সেক্রেটারি মো. আশরাফ উদ্দিন ফারুক অভিযোগ করেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সামনেই দৌলতখান পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক জাকির হোসেন বাবুলসহ বিএনপি ও যুবদলের বেশ কয়েকজন পদধারী নেতাকর্মী পূর্বপরিকল্পিতভাবে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালান। তাঁদের হামলায় প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হন এবং আসবাবপত্র ভাঙচুর করা হয়। তিনি আরও দাবি করেন, উপজেলা প্রশাসন ও পুলিশ তখন পুরোপুরি নির্বিকার ছিল।
দৌলতখান উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. ফারুক হোসেন তালুকদার বলেন, জামায়াত স্বাধীনতার বিপক্ষে ছিল, তাই বিজয় দিবসের অনুষ্ঠানে তাদের কিছুটা সেক্রিফাইস মন-মানসিকতা থাকা উচিত ছিল। বসা নিয়ে ভুল বোঝাবুঝি ও কথা-কাটাকাটির জের ধরে সংঘর্ষে তাঁদের ৫ থেকে ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন।
তিনি অভিযোগ করেন, জামায়াত এখন রাজনৈতিক সুবিধা নিতে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। তবে দুই পক্ষ বিষয়টি নিয়ে আলোচনার জন্য বসবে বলেও তিনি জানান।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিকদার বলেন, বিজয় দিবসের অনুষ্ঠানে বসার স্থান নিয়ে এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।