দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) মিনাব শহরের একটি বালিকা বিদ্যালয়ে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ। অন্যদিকে, ইরানের পাল্টা হামলায় উত্তর ইসরায়েলে একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এবার প্রাণ হারাল কোমলমতি শিশুরা। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, শনিবার দুপুরে দক্ষিণ ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে অবস্থিত একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে সরাসরি আঘাত হানে ইসরায়েলি মিসাইল। এই নৃশংস ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজন ছাত্রী নিহত হয়। তবে হামলায় আর কেউ আহত হয়েছে কি না বা ঘটনার সময় স্কুলে কতজন শিক্ষার্থী ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ইসরায়েল কর্তৃপক্ষ এখনও এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
এদিকে, ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে ইসরায়েলও। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্যমতে, উত্তর ইসরায়েলে একটি ৯ তলা আবাসিক ভবনে ইরানের ছোঁড়া মিসাইল আঘাত হেনেছে। এতে ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। আকাশ ও স্থলপথে দুই পক্ষের পাল্টাপাল্টি এই হামলায় মধ্যপ্রাচ্যের বেসামরিক জানমালের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে।