ইসরায়েলি আগ্রাসনের জবাবে পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ইসরায়েল অভিমুখে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) ইরান থেকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্র শনাক্তের খবর নিশ্চিত করেছে। এর ফলে মধ্যপ্রাচ্যে এখন সরাসরি পুরোদমে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে তেহরানে ইসরায়েলি হামলার কয়েক ঘণ্টার মাথায় পাল্টা জবাব দিলো ইরান। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় প্রবেশ করেছে। এর পরপরই ইসরায়েলজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
তেহরান আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে, তাদের ভূখণ্ডে কোনো আঘাত এলে তার চড়া মূল্য দিতে হবে। সেই ঘোষণা অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র বর্ষণ শুরু হলো। বর্তমানে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 'আইরন ডোম' সক্রিয় রাখা হয়েছে। দুই দেশের এই সরাসরি পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চলে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।