পাকিস্তানের করাচির একটি শপিংমলে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। গত শনিবার (১৭ জানুয়ারি) রাতের এই ঘটনায় এখনো অন্তত ৬০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন করাচির মেয়র মুর্তজা ওয়াহাব। ধোঁয়ায় আচ্ছন্ন ভবন এবং উদ্ধারকাজে ধীরগতির কারণে নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (১৯ জানুয়ারি) দীর্ঘ ৩৬ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। করাচির ব্যস্ততম বাণিজ্যিক এলাকার ওই শপিংমলটিতে শনিবার গভীর রাতে আগুনের সূত্রপাত হয়। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি সময়মতো পৌঁছাতে না পারায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। প্রায় ৩৬ ঘণ্টা চেষ্টার পর সোমবার আগুন নিয়ন্ত্রণে এলেও উদ্ধারকাজ এখনো চলছে। পর্যাপ্ত ভেন্টিলেশন না থাকায় পুরো ভবনটি বিষাক্ত ধোঁয়ায় ভরে যায়, যা উদ্ধারকর্মীদের ভেতরে ঢুকতে বড় বাধা হয়ে দাঁড়ায়।
পুলিশ সার্জন ড. সুমাইয়া সায়েদ নিশ্চিত করেছেন যে, এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে দীর্ঘ সময় জ্বলতে থাকায় ভবনটির কাঠামো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ভবনের একটি বড় অংশ ধসে রাস্তায় পড়ে যায়, যার নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ভবনটি যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কায় আশপাশের এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।