কলম্বিয়ার উত্তরাঞ্চলে একটি স্কুল বাস রাস্তা থেকে প্রায় ৮০ মিটার গভীর খাদে পড়ে গেলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।
রবিবার (১৪ ডিসেম্বর) ভোরে রেমেডিওস এবং জারাগোজার সংযোগকারী সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। বাসটিতে ৪৫ জন যাত্রী ছিল, যাদের বেশিরভাগই ছিল লিসিও অ্যান্টিওকেনো হাইস্কুলের শিক্ষার্থী। বার্ষিক পরীক্ষা শেষে উদযাপন উপলক্ষে তারা সমুদ্রসৈকতে শিক্ষা সফরে গিয়েছিল। অ্যান্টিওকুইয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান ঘটনাটিকে পুরো কমিউনিটির জন্য অত্যন্ত বেদনাদায়ক বলে মন্তব্য করেছেন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স স্থানীয় গভর্নরের বরাত দিয়ে জানিয়েছে, উত্তর কলম্বিয়ার একটি গ্রামীণ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এল চিসপেরো এলাকার সংযোগকারী সড়কে রবিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। প্রাথমিক তদন্তে দেখা গেছে, নিহতদের মধ্যে বাসচালকও রয়েছেন।
স্কুল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরাই এই শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করেছিল। অ্যান্টিওকুইয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান এক পোস্টে নিশ্চিত করেন যে বাসটি ক্যারিবিয়ান শহর টোলু থেকে মেদেলিনের দিকে যাচ্ছিল। ডিসেম্বরের এই সময়ে এমন মর্মান্তিক ঘটনায় পুরো অঞ্চল শোকাহত।