চীনের উত্তর-পশ্চিমের জিনজিয়াং অঞ্চলে ৬.০ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ৩টা ৪৪ মিনিটে কিরগিজস্তান-শিনজিয়াং সীমান্তের কাছে আকচি কাউন্টিতে এই ভূমিকম্প অনুভূত হয়। চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) এই তথ্য নিশ্চিত করেছে। ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হলেও, তাৎক্ষণিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, আকচি কাউন্টিতে আঘাত হানা এই ভূমিকম্পে কিরগিজস্তানের সীমান্তের কিছু এলাকাও কেঁপে ওঠে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০।
কাউন্টি কর্তৃপক্ষ বিকেল ৪টা ৩৪ মিনিট পর্যন্ত কোনো হতাহত বা ভবন ধসের খবর পায়নি। সিনহুয়ার প্রতিবেদন অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল আকচি থেকে দূরে থাকায় জেলার সড়ক, বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ ব্যবস্থায় কোনো ব্যাঘাত ঘটেনি এবং সবকিছু স্বাভাবিকভাবে সচল রয়েছে।
সিইএনসি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আকচি থেকে ৪১.১৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৮.৪০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।