যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র বিরুদ্ধে ৫০০ কোটি ডলার (৫ বিলিয়ন ডলার) ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করেছেন। তাঁর অভিযোগ, বিবিসির জনপ্রিয় অনুসন্ধানী অনুষ্ঠান 'প্যানোরমা'-তে প্রচারিত একটি তথ্যচিত্রে ২০২১ সালের ৬ জানুয়ারির ভাষণের অংশ বিশেষ এমনভাবে সম্পাদনা করা হয়েছে, যাতে তাঁর বক্তব্যের অর্থ সম্পূর্ণ বিকৃত হয়ে সহিংসতায় উসকানি দেওয়ার ধারণা তৈরি হয়েছে। ফ্লোরিডার একটি আদালতে এই মামলা দায়ের করা হয়েছে, যেখানে ট্রাম্প ইচ্ছাকৃত মানহানি ও বাণিজ্যিক আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন।
বিবিসি স্বীকার করেছে যে ভিডিও সম্পাদনার কারণে এমন একটি ধারণা তৈরি হতে পারে, যেন ট্রাম্প সরাসরি সহিংসতার আহ্বান জানাচ্ছেন। যদিও গত মাসে তারা ট্রাম্পের কাছে দুঃখ প্রকাশ করেছিল, কিন্তু তারা মানহানির অভিযোগ বা কোনো ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি।
ট্রাম্পের আইনজীবীদের দাবি, ইচ্ছাকৃত ও বিদ্বেষপূর্ণ উদ্দেশ্যেই বক্তব্য বিকৃত করায় তাঁর ভাবমূর্তি চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি, ৬ জানুয়ারির ভাষণে ট্রাম্প প্রথমে ক্যাপিটলে যাওয়ার কথা বললেও, 'লড়াই' শব্দটি তিনি প্রায় ৫০ মিনিট পরে অন্য একটি প্রসঙ্গে ব্যবহার করেন। কিন্তু 'প্যানোরমা' অনুষ্ঠানে এই দুটি বক্তব্য একসঙ্গে জুড়ে দেওয়ায় ভুল বার্তা যায়।
মামলা দায়েরের আগে বিবিসির আইনজীবীরা জানিয়েছিলেন, ভিডিও সম্পাদনার পেছনে কোনো বিদ্বেষমূলক উদ্দেশ্য ছিল না। এছাড়াও, তাদের দাবি ছিল, তথ্যচিত্রটি যুক্তরাষ্ট্রে প্রচারের অধিকার তাদের ছিল না এবং এটি কেবল যুক্তরাজ্যের দর্শকদের জন্য সীমাবদ্ধ ছিল। তবে ট্রাম্পের মামলায় দাবি করা হয়েছে, ফ্লোরিডার অনেক দর্শক ভিপিএন বা স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে তথ্যচিত্রটি দেখেছেন।
এদিকে, গত নভেম্বরে বিবিসির একটি অভ্যন্তরীণ নথিতে এই সম্পাদনার কঠোর সমালোচনা করা হয়। ওই ঘটনার জেরে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ বিভাগের প্রধান ডেবোরা টারনেস পদত্যাগ করেছিলেন।