ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর দিন ফুরিয়ে আসছে, এমনটাই জোরালো হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও তিনি ভেনিজুয়েলায় সামরিক হামলার পরিকল্পনা সরাসরি অস্বীকার করেছেন, তবে ভবিষ্যতে এমন কোনো পদক্ষেপের সম্ভাবনা তিনি পুরোপুরি বাতিল করেননি। ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি এবং মাদুরোর বিরুদ্ধে ‘যুদ্ধ’ শুরুর বিতর্কের মধ্যেই ট্রাম্প এই মিশ্র বার্তা দিলেন।
সিবিএস-এর সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, যুক্তরাষ্ট্র কি ভেনিজুয়েলার বিরুদ্ধে যুদ্ধে নামবে? জবাবে তিনি বলেন, "আমার সন্দেহ আছে। আমি তা মনে করি না।" কিন্তু মাদুরোর ক্ষমতার মেয়াদ প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি দৃঢ়ভাবে বলেন, "আমি বলব হ্যাঁ। আমার তাই মনে হয়।"
মাদুরো, যার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ রয়েছে, তিনি বারবার ওয়াশিংটনকে অভিযুক্ত করেছেন। মাদুরোর অভিযোগ, ভেনিজুয়েলার তেল চুরি করতে এবং সেখানে ‘রেজিম চেঞ্জ’ (ক্ষমতা পরিবর্তন) আনতে মাদকবিরোধী অভিযানের অজুহাত ব্যবহার করছে যুক্তরাষ্ট্র।
এদিকে, ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সামরিক ইউনিট বৃদ্ধি করেছে এবং মাদক চোরাচালানকারী জাহাজ লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। জাতিসংঘ ও বিশেষজ্ঞরা বলছেন, এই হামলাগুলো মার্কিন এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
মার্কিন সংবাদমাধ্যমগুলোতে এমন খবর প্রকাশিত হয়েছে যে, যুক্তরাষ্ট্র ‘নারকো-সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে ভেনিজুয়েলার সামরিক স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা করছে।
এই খবর প্রসঙ্গে ট্রাম্প সরাসরি হামলা পরিকল্পনার কথা অস্বীকার করলেও, তিনি ধারণাটি সম্পূর্ণ বাতিল করেননি। তিনি বলেন, "আমি এমন কিছু করব বলে বলতে চাই না। তবে ভেনিজুয়েলার ব্যাপারে আমি কী করব তা আপনাদের বলব না।"
জাতিসংঘের মানবাধিকার প্রধানসহ অধিকার গোষ্ঠীগুলো বলছে, সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছেন। অধিকার গোষ্ঠীগুলো এই হামলাকে ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ বলে সমালোচনা করেছে।