দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই এবং সরবরাহের মজুত সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনার প্রয়োজন নেই। একই সঙ্গে তেলের অবৈধ মজুত রোধে প্রতিটি পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তেলের কৃত্রিম সংকট তৈরি করলে মোবাইল কোর্টের মাধ্যমে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জ্বালানি বিভাগ জানিয়েছে, আন্তর্জাতিক বাজার থেকে চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন তেল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে এবং সরকার এখন পর্যন্ত তেলের দাম বাড়ায়নি। পেট্রোল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় এগুলো বাড়িতে বা অবৈধভাবে মজুত করা অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়াতে পারে। অবৈধ মজুতদারদের ধরতে জেলা পর্যায়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
সরবরাহ ব্যবস্থা তদারকি করতে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং জেলা-উপজেলা পর্যায়ে জেলা প্রশাসক ও ইউএনওরা প্রতিটি পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ‘ট্যাগ অফিসার’ হিসেবে নিয়োগ দেবেন। এই কর্মকর্তারা প্রতিদিনের তেল বিক্রি ও মজুতের প্রতিবেদন জমা দেবেন। সাধারণ মানুষকে গুজবে কান না দিয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।