যুক্তরাষ্ট্র যদি যুদ্ধের পথ বেছে নিতে চায়, তবে ইরান সামরিকভাবে তা মোকাবিলা করতে সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওয়াশিংটনকে সংঘাত এড়িয়ে বুদ্ধিমানের মতো আলোচনার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দেশের অভ্যন্তরীণ অস্থিরতার জন্য সশস্ত্র সন্ত্রাসীদের দায়ী করেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সোমবার এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, গত বছরের তুলনায় বর্তমানে ইরানের সামরিক প্রস্তুতি আরও ব্যাপক ও বিস্তৃত। ওয়াশিংটন যদি ইরানের শক্তিমত্তা পরীক্ষা করতে চায়, তবে তারা কঠোর জবাব দিতে প্রস্তুত। তবে সংঘাতের চেয়ে আলোচনার পথেই সংকটের সমাধান সম্ভব বলে তিনি মনে করেন। তিনি আরও সতর্ক করেন যে, ইসরায়েলের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ানোর অপচেষ্টা চলছে।
এদিকে, গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদ এখন সরকারবিরোধী দাবানলে রূপ নিয়েছে। ইরানের ৩১টি প্রদেশের প্রায় প্রতিটি শহরে ছড়িয়ে পড়া এই বিক্ষোভে বর্তমানে পুরো দেশ অচল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে সামরিক অভিযানের হুমকি দিলেও, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অর্থনীতি সংস্কার ও জনগণের দাবি শোনার প্রতিশ্রুতি দিয়েছেন।