ইউক্রেন যুদ্ধের অবসানে সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র।
আজ শুক্রবার(২৩ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই দুই দিনের বৈঠককে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের সবচেয়ে বড় সংঘাত থামানোর শেষ সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কিয়েভ ও মস্কো দুই পক্ষই একটি চুক্তিতে পৌঁছাতে সম্মত হয়েছে বলে জানা গেছে।
দীর্ঘ কূটনৈতিক টানাপোড়েনের পর আমিরাতের এই বৈঠকে দুই পক্ষের অমীমাংসিত ও জটিল বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ক্রেমলিন সাফ জানিয়ে দিয়েছে, শান্তি চুক্তির জন্য পূর্ব ডনবাস অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনা প্রত্যাহার করতে হবে। তবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধ বন্ধের জন্য সব নথিপত্র এখন প্রস্তুত এবং তিনি এই বৈঠক নিয়ে অত্যন্ত আশাবাদী।
এর আগে গত বৃহস্পতিবার মস্কোতে পুতিনের সাথে ট্রাম্পের প্রতিনিধি দল বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের চার ঘণ্টাব্যাপী একটি ‘ফলপ্রসূ’ বৈঠক অনুষ্ঠিত হয়। ক্রেমলিন এই আলোচনাকে গঠনমূলক ও কার্যকর বলে অভিহিত করেছে। অন্যদিকে ট্রাম্প দাবি করেছেন, পুতিন ও জেলেনস্কি উভয়েই এখন যুদ্ধের ইতি টানতে আগ্রহী।
শান্তি আলোচনার এই তোড়জোড়ের মধ্যেই রণাঙ্গনে উত্তেজনা কমেনি। বাল্টিক সাগরে রুশ যুদ্ধবিমানের টহল অব্যাহত রয়েছে এবং দুই পক্ষই একে অপরের জ্বালানি ও তেল স্থাপনায় পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। এই দ্বিমুখী পরিস্থিতির মাঝে আমিরাতের ত্রিপক্ষীয় বৈঠক থেকে ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি এবং ভূখণ্ড ছাড় দেওয়ার মতো কঠিন বিষয়ে কোনো সুনির্দিষ্ট রূপরেখা আসে কি না, সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব।