কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ প্রাণ হারিয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে লালনশাহ সেতু মহাসড়কের ১৬ দাগ ক্যানেলপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা দুজনেই কুষ্টিয়ার মিরপুর উপজেলার বাসিন্দা।
কুষ্টিয়া-লালনশাহ সেতু মহাসড়কে ঝরল দুটি তাজা প্রাণ। শুক্রবার রাত ৭টার দিকে ভেড়ামারা থানাধীন বাহিরচর ইউনিয়নের হাসপাতাল রোডে একটি দ্রুতগামী মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন মোটরসাইকেল চালক সিয়াম শেখ (১৬) ও আরোহী আব্দুর রশিদ (১৬)।
স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত সিয়াম মিরপুর উপজেলার বিজনগর এলাকার হাবিবুর রহমানের ছেলে এবং রশিদ একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষটি এতটাই জোরালো ছিল যে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুর রহমান জানিয়েছেন, পুলিশ ঘাতক মিনি ট্রাক এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সড়ক দুর্ঘটনার এই খবরে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।