সুদানের দক্ষিণ কর্ডোফানে একটি স্বর্ণের খনি ধসে অন্তত ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনায় আরও ১২ জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সুদান ডক্টরস নেটওয়ার্ক দ্রুত উদ্ধার অভিযান চালানোর জোর দাবি জানিয়েছে।
সুদানের আবু জুবাইহা এলাকায় একটি সোনার খনি ধসে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে দেওয়া এক বিবৃতিতে সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায়, খনিটি হঠাৎ ধসে পড়লে ঘটনাস্থলেই ৬ জন প্রাণ হারান। আহত ১২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে খনির গভীরে ঠিক কতজন আটকা পড়ে আছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংগঠনটি এই দুর্ঘটনার জন্য প্রাতিষ্ঠানিক অবহেলা এবং নিরাপত্তা আইনের শিথিলতাকে দায়ী করেছে। তাদের মতে, পর্যাপ্ত তদারকি ও শ্রমিকদের যথাযথ প্রশিক্ষণ না থাকায় খনিগুলোতে নিয়মিত এমন প্রাণহানি ঘটছে। অবিলম্বে নিখোঁজদের উদ্ধারে জোরালো পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। ভবিষ্যতে এমন ট্র্যাজেডি এড়াতে খনি খাতে কঠোর নিরাপত্তা মানদণ্ড প্রণয়ন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে সংস্থাটি।