ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণের প্রতিবাদে সংসদ কক্ষ ত্যাগ (ওয়াকআউট) করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে রাষ্ট্রপতি ভাষণ দিতে দাঁড়ালে ‘জুলাইয়ের সঙ্গে গাদ্দারি’সহ বিভিন্ন স্লোগান ও প্লাকার্ড প্রদর্শনের মাধ্যমে তারা এই প্রতিবাদ জানান।
বিকেল সাড়ে ৩টার পর স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানালে সংসদ কক্ষে হট্টগোল শুরু হয়। বিরোধী দলের সংসদ সদস্যরা প্লাকার্ড হাতে দাঁড়িয়ে চিৎকার করে রাষ্ট্রপতির ভাষণের বিরোধিতা করতে থাকেন। রাষ্ট্রপতির পদত্যাগ এবং তাকে ভাষণ দিতে না দেওয়ার দাবিতে উত্তাল হয়ে ওঠে বিরোধী দলীয় বেঞ্চগুলো।
একপর্যায়ে রাষ্ট্রপতি ভাষণ শুরু করলে বিরোধী দলের সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান। তাদের হাতে থাকা প্লাকার্ডগুলোতে বর্তমান রাষ্ট্রপতির নৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়। বিরোধী দলের এই আকস্মিক পদক্ষেপে সংসদের প্রথম অধিবেশনেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে।