স্পেনের দক্ষিণাঞ্চলীয় শহর কোরদোবায় সোমবার সন্ধ্যায় দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭৩ জন। মালাগা থেকে মাদ্রিদগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে চলে গেলে বিপরীতমুখী অন্য একটি ট্রেনের সাথে এই সংঘর্ষ ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ।
স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আদামুজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রেল অপারেটর ‘আদিফ’ জানিয়েছে, মালাগা থেকে ছেড়ে আসা ট্রেনটি প্রায় ৩০০ যাত্রী নিয়ে সোজা পথে চলার সময় হঠাৎ লাইনচ্যুত হয়। এর ঠিক ১০ মিনিটের মাথায় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ-হুয়েলভাগামী ১০০ যাত্রীবাহী অন্য একটি ট্রেনের সাথে এর সংঘর্ষ হয়। ট্রেনের ধ্বংসাবশেষ এমনভাবে দুমড়েমুচড়ে গেছে যে, উদ্ধারকর্মীদের জন্য ভেতরে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে এই ঘটনাকে ‘অত্যন্ত অদ্ভুত’ বলে বর্ণনা করেছেন, কারণ সম্প্রতি সংস্কার করা একটি সোজা পথে এই লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই রাতকে স্পেনের জন্য ‘গভীর বেদনার’ বলে অভিহিত করেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে অন্তত এক মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে তদন্ত দল। বর্তমানে মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে সব রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

স্পেনের পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তের মতে, এই দুর্ঘটনাটি ছিল বেশ ‘অস্বাভাবিক’। কারণ ট্রেনটি কোনো বাঁকে নয়, বরং একদম সোজা রেলপথে লাইনচ্যুত হয়েছে। যে রেললাইনে দুর্ঘটনা ঘটেছে, সেটি গত বছরের মে মাসেই সংস্কার করা হয়েছিল। প্রাথমিক ধারণা অনুযায়ী, লাইনচ্যুত হওয়া ট্রেনটি (ফ্রেচ্চিয়া ১০০০ মডেল) অনেক বেশি গতিতে ছিল। তবে কারিগরি ত্রুটি নাকি চালকের ভুল, তা নিশ্চিত হতে অন্তত এক মাস সময় লাগবে বলে জানানো হয়েছে।
ট্রেনের বগিগুলো একটির ভেতর আরেকটি ঢুকে যাওয়ায় ধ্বংসাবশেষ কাটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, অনেক সময় জীবিত কাউকে উদ্ধার করতে গিয়ে মৃতদেহ সরাতে হচ্ছে। আহত ৭৩ জনকে কোরদোবা ও আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। মাদ্রিদ ও আন্দালুসিয়ার মধ্যে সকল ট্রেন চলাচল আজ সোমবারও বন্ধ রাখা হয়েছে। আটকা পড়া যাত্রীদের জন্য বিভিন্ন স্টেশনে রাতভর বিশেষ সহায়তা কেন্দ্র খোলা রাখা হয়েছে।
স্পেনের রাজা ও রানি গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেয়েন স্পেনের এই কঠিন সময়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন।