লন্ডনভিত্তিক আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স গত ২১ জুলাই বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট এবং ২২৭টি সম্ভাব্য ভ্রমণ গন্তব্য বিশ্লেষণ করে এই সূচক প্রকাশ করে। কোন দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই, অন-অ্যারাইভাল ভিসায় অথবা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) সুবিধায় কতটি দেশে প্রবেশ করতে পারেন, তার ভিত্তিতেই নির্ধারণ করা হয় এই র্যাঙ্কিং।সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বর্তমানে মাত্র ৩৫টি দেশে ভিসামুক্ত, অন-অ্যারাইভাল ভিসা অথবা ইটিএ সুবিধায় ভ্রমণ করতে পারবেন। অথচ ২০২৬ সালের জানুয়ারিতে এই সংখ্যা ছিল ৩৭টি। অর্থাৎ, মাত্র ছয় মাসের ব্যবধানে বাংলাদেশ হারিয়েছে আরও দুইটি সহজ ভিসা সুবিধার গন্তব্য।
বর্তমানে বাংলাদেশি নাগরিকরা ১৭টি দেশ ও অঞ্চলে সম্পূর্ণ ভিসামুক্তভাবে ভ্রমণ করতে পারেন। এছাড়া ১৪টি দেশে অন-অ্যারাইভাল ভিসা এবং শ্রীলঙ্কা, কেনিয়া, সেন্ট কিটস অ্যান্ড নেভিসসহ কয়েকটি দেশে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) সুবিধা রয়েছে।তবে সব দিক থেকেই পরিস্থিতি নেতিবাচক নয়। ২০২৫ সালের জুলাইয়ের তুলনায় বাংলাদেশ তিন ধাপ এগিয়েছে। গত বছরের একই সময়ে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। অর্থাৎ, দীর্ঘমেয়াদে কিছুটা উন্নতি হলেও চলতি বছরের প্রথমার্ধে আবারও র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে।

হেনলি ইনডেক্সের তথ্য বলছে, গত দুই দশকে বাংলাদেশের পাসপোর্টের শক্তি ধারাবাহিকভাবে কমেছে। ২০০৬ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৬৮তম, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই অবস্থান নেমে ২০২১ সালে সর্বনিম্ন ১০৮তম স্থানে পৌঁছে যায়। এরপর কিছুটা উন্নতি হলেও ২০২৬ সালের সর্বশেষ সূচকে আবারও পিছিয়েছে দেশ।এবারের তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের মর্যাদা ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ১৯২টি দেশে ভিসামুক্ত বা সহজ ভিসা সুবিধায় ভ্রমণ করতে পারেন। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের, যার অবস্থান ৫২তম। এরপর রয়েছে ভারত (৮১তম), শ্রীলঙ্কা (৯৪তম), বাংলাদেশ (৯৭তম), নেপাল (৯৮তম) এবং পাকিস্তান (১০১তম)।
বিশেষজ্ঞদের মতে, একটি দেশের পাসপোর্টের শক্তি শুধু ভ্রমণের সুযোগই নয়, আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক, বৈশ্বিক গ্রহণযোগ্যতা এবং অর্থনৈতিক অবস্থানেরও গুরুত্বপূর্ণ প্রতিফলন। তাই ভবিষ্যতে আরও বেশি দেশের সঙ্গে ভিসা সহজীকরণ চুক্তি এবং কূটনৈতিক সম্পর্ক জোরদার করা গেলে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে।বর্তমান সূচক বাংলাদেশের জন্য একদিকে যেমন সতর্কবার্তা, অন্যদিকে ভবিষ্যতে আন্তর্জাতিক যোগাযোগ ও ভ্রমণ সুবিধা সম্প্রসারণে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তাও তুলে ধরেছে।