আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারসহ দেশজুড়ে কোনো ধরনের নিরাপত্তাজনিত হুমকি নেই বলে নিশ্চিত করেছেন র্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে শহীদ মিনার প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাব সদস্যারা প্রস্তুত রয়েছেন। সিসিটিভি নজরদারি, ডগ স্কোয়াড এবং বিশেষায়িত ইউনিটের সমন্বয়ে রাজধানীসহ সারা দেশে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। শুক্রবার বেলা ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। র্যাব ডিজি জানান, কোনো সুনির্দিষ্ট হুমকি না থাকলেও দিবসটির গুরুত্ব বিবেচনায় সব ধরনের আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ফোর্স মোতায়েন করা হয়েছে।
নিরাপত্তা ব্যবস্থাকে কয়েকটি স্তরে ভাগ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, শহীদ মিনারের ইনার ও আউটার প্যারিমিটারে পর্যাপ্ত র্যাব সদস্য দায়িত্ব পালন করবেন। পুরো এলাকাকে কয়েকটি সেক্টরে ভাগ করে নিয়মিত টহল, ফুট পেট্রোল এবং স্ট্রাইকিং রিজার্ভ ফোর্সের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া পুরো এলাকাটি ইতোমধ্যে ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট দিয়ে সুইপিং সম্পন্ন করা হয়েছে। যেকোনো উদ্ভূত পরিস্থিতি দ্রুত সামাল দিতে র্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিক সতর্ক অবস্থায় থাকবে।
প্রযুক্তিগত নিরাপত্তার বিষয়ে র্যাব প্রধান জানান, শহীদ মিনার ও এর আশপাশের এলাকাকে ৬৪টি হাই-ডেফিনিশন সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ভিভিআইপি, ভিআইপি এবং রাজনৈতিক ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। শুধু ঢাকা নয়, সারা দেশেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানগুলো নির্বিঘ্ন করতে র্যাবের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা কার্যকর রয়েছে বলে তিনি উল্লেখ করেন।