দেশের পাঁচ কোটি পরিবারকে সরকারের সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় আনতে ‘ফ্যামিলি কার্ড’ চালুর কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ঈদুল ফিতরের আগেই পরীক্ষামূলকভাবে এই কার্ড বিতরণ শুরু হবে।
সভা শেষে পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানান, পাইলট প্রজেক্ট হিসেবে ঈদের আগেই এই কার্যক্রম মাঠে গড়াবে। তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বিস্তারিত উল্লেখ করে বলেন, দেশের হতদরিদ্র, প্রতিবন্ধী, বিধবা এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রায় পাঁচ কোটি পরিবারকে এই কার্ডের আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে। মূলত জনমানুষের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতেই এই সমন্বিত উদ্যোগ নিয়েছে নতুন সরকার।